মহাকাশে পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াং গং মহাকাশ স্টেশনে পৌঁছে তিনি শুধু পাকিস্তানের প্রথম নভোচারীই হননি, স্টেশনটিতে পা রাখা প্রথম বিদেশি নভোচারীর স্বীকৃতিও পেয়েছেন। তাঁর এই অর্জনে পাকিস্তানজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চীনের গোবি মরুভূমি অঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। চীনের তৈরি রকেটে মহাকাশযানটিতে জিশান আলীর সঙ্গে ছিলেন দুই চীনা নভোচারী-অভিযান কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর মহাকাশযানটি তিয়াং গং স্টেশনে পৌঁছায়। এ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন জিশান আলী।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মহাকাশ স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করবেন তিনি। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পারকোর হিসাবে, তাঁর অবস্থানকাল হবে প্রায় এক সপ্তাহ। চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অবস্থানের তুলনায় এটি অনেক কম।
উৎক্ষেপণের আগে জিশান আলী সাংবাদিকদের বলেন, ‘আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমি আমার কাঁধে পাকিস্তানের নাম বহন করছি।’ অন্য এক বক্তব্যে তিনি বলেন, ‘কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি মানুষের প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ অর্জনকে দেশের ২৪ কোটি মানুষের যাত্রা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও মানুষের স্বপ্নের প্রতিফলন। একই সঙ্গে এ অভিযানকে পাকিস্তান-চীনের দৃঢ় বন্ধুত্বের নিদর্শন উল্লেখ করে চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও যৌথ অভিযানটিকে দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন বলেছেন।
মহাকাশে অবস্থানকালে জিশান আলী দৈনন্দিন কাজের পাশাপাশি দুই দেশের যৌথ বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন। জৈবপ্রযুক্তি ও পদার্থবিজ্ঞানের গবেষণায় সালোকসংশ্লেষণকারী অণুজীব সায়ানোব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা চালানো হবে। এ অভিযানের সামগ্রিক কর্মসূচিতে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তি যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পারকো ও চীনের মানবচালিত মহাকাশ সংস্থার সহযোগিতা চুক্তির আওতায় জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে জিশান নির্বাচিত হন। দীর্ঘ প্রশিক্ষণে সেন্ট্রিফিউজ, জরুরি উদ্ধার মহড়া ও চীনা ভাষা শেখার বিষয় অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে মহাকাশযানের সুইচ, সফটওয়্যার ও নির্দেশনা চীনা ভাষায় হওয়ায় কারিগরি ভাষা আয়ত্ত করা ছিল তাঁর বড় চ্যালেঞ্জ।
চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির সময়ে এ অভিযান দুই দেশের সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। সূত্র: রয়টার্স ও আল জাজিরা
সানা/আপ্র/২৫/১১/২০২৬