পড়াশোনা, ব্যক্তিগত আগ্রহ থেকে শুরু করে জীবনের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবটের ওপর শিশু-কিশোরদের নির্ভরতা বাড়ছে। যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, আট থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ৮১ শতাংশ গত ছয় মাসে অন্তত একবার এআই চ্যাটবট ব্যবহার করেছে। তাদের এক-তৃতীয়াংশের বেশি প্রতিদিন এসব প্রযুক্তি ব্যবহার করে। এ পরিস্থিতিতে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এআই চ্যাটবটের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম।
সংস্থাটির পরিচালিত জরিপে যুক্তরাজ্যের ২ হাজার ৪ জন শিশু ও তাদের অভিভাবকের কাছ থেকে তথ্য নেওয়া হয়। এতে দেখা যায়, ৮২ শতাংশ শিশু-কিশোর সপ্তাহে অন্তত একবার এআই চ্যাটবট ব্যবহার করে। ৩৫ শতাংশের বেশি ব্যবহার করে প্রতিদিন। ব্যবহারের কারণ জানতে চাইলে ৫৪ শতাংশ জানায়, বিভিন্ন প্রশ্নের উত্তর ও নিজেদের আগ্রহের বিষয় সম্পর্কে জানতে তারা এসব প্রযুক্তির সাহায্য নেয়। আর ৫৩ শতাংশ স্কুলের পড়াশোনা ও বাড়ির কাজের জন্য চ্যাটবট ব্যবহার করে।
১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের এক-তৃতীয়াংশের কিছু বেশি জানিয়েছে, তারা এআই চ্যাটবটের সঙ্গে চরিত্রাভিনয় বা ভূমিকাভিত্তিক কথোপকথনে অংশ নিয়েছে। এসব কথোপকথনে চ্যাটবটকে মানুষের মতো আচরণ করতে এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতেও বলা হয়।
শুধু শিশু-কিশোর নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। গ্রেট ব্রিটেনে জরিপে অংশ নেওয়া ২ হাজার ৮১ জন প্রাপ্তবয়স্কের ৬৪ শতাংশ সম্প্রতি এআই চ্যাটবট ব্যবহার করেছেন। তাঁদের ১২ শতাংশ এআই দিয়ে তৈরি চরিত্রের সঙ্গে কথা বলেছেন। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনে চ্যাটবট ব্যবহার করেছেন ৮ শতাংশ। চিকিৎসাসংক্রান্ত পরামর্শ নিয়েছেন এক-চতুর্থাংশ এবং সম্পর্কসহ ব্যক্তিগত বিষয়ে পরামর্শ নিয়েছেন ১২ শতাংশ।
এআই চরিত্রের সঙ্গে কথা বলা প্রাপ্তবয়স্কদের অর্ধেক জানিয়েছেন, এসব চরিত্রের প্রতি তাঁরা মানসিক সংযোগ অনুভব করেছেন। প্রতি সাতজনের একজন আবার স্বীকার করেছেন, মাঝেমধ্যে তাঁরা ভুলে যান যে কথোপকথনের অপর প্রান্তে কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে।
শিশুদের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য সরকারের উদ্বেগও বাড়ছে। ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পরিকল্পনা থাকলেও এআই চ্যাটবটের ওপর সরাসরি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার সম্ভাবনা কম। তবে বিভ্রান্তিকর বা যাচাইহীন মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া চ্যাটবট নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকারের মতে, এসব প্রযুক্তি শিশুদের জন্য উপকারী হতে পারে, তবে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অফকমের প্রযুক্তি নীতি পরিচালক অ্যান্ড্রু ব্রিজ বলেন, এআই চ্যাটবট মানুষের ডিজিটাল জীবনের অংশ হয়ে উঠছে। ইতিবাচক অভিজ্ঞতার পাশাপাশি এসব প্রযুক্তি ঝুঁকিও তৈরি করতে পারে। তাই শিশু ও প্রাপ্তবয়স্করা কোথায় এবং কীভাবে এসব সেবা ব্যবহার করছে, তা বোঝা এবং যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
গত আগস্ট ও সেপ্টেম্বরে জরিপটি পরিচালিত হয়। শিশু ও প্রাপ্তবয়স্কদের এআই সঙ্গী ও চ্যাটবট ব্যবহারের সুবিধা, নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আরো বিস্তারিত পর্যালোচনার পরিকল্পনা রয়েছে অফকমের। সূত্র: অফকম
সানা/আপ্র/২৫/১১/২০২৬