গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

অ্যারির সিনেমা ক্যামেরা প্রযুক্তিতে অনারের নতুন ফোন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১১ এএম ২০২৬
অ্যারির সিনেমা ক্যামেরা প্রযুক্তিতে অনারের নতুন ফোন
ছবি

এটা অনারের প্রথম ফ্ল্যাগশিপ ফোন যাতে ‘প্রো ম্যাক্স’ নামটি যোগ হয়েছে -ছবি অনার

স্মার্টফোনে হলিউডের সিনেমার মতো ভিডিও ধারণের অভিজ্ঞতা দিতে জার্মানির বিখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা অ্যারির সঙ্গে অংশীদারত্বে নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। ‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ নামের ফোনটিতে রয়েছে উন্নত ট্রিপল ক্যামেরা ব্যবস্থা, অনারের নিজস্ব ইমেজিং প্রসেসর এবং অ্যারির বিশেষ লগ ফরম্যাট ও সিনেমাটিক কালার প্রোফাইল। এর মাধ্যমে স্মার্টফোনে পেশাদার মানের ভিডিও ধারণ ও সম্পাদনার সুযোগ তৈরি হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, অনারের ‘রোবট ফোন’-এর পর এটিই প্রথম পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ, যাতে অ্যারির প্রযুক্তিগত সহযোগিতা যুক্ত হয়েছে। জার্মান প্রতিষ্ঠান অ্যারি বিশ্বখ্যাত ‘অ্যালেক্সা’ সিরিজের সিনেমা ক্যামেরা তৈরি করে। প্রতিষ্ঠানটির ক্যামেরায় ধারণ করা ছয়টি চলচ্চিত্র পরবর্তী সময়ে সিনেমাটোগ্রাফিতে অস্কার জিতেছে।

ম্যাজিক ৯ প্রো ম্যাক্স অনারের প্রথম ফ্ল্যাগশিপ ফোন, যাতে ‘প্রো ম্যাক্স’ নাম যুক্ত হয়েছে। ফোনটির নকশায়ও এসেছে পরিবর্তন। এতে নতুন ক্যামেরা মডিউল, ফ্রেমের চারপাশে ভিন্ন রঙের সমন্বয় এবং বিপরীত রঙের ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। নকশাটির ধারণা নেওয়া হয়েছে তুলনামূলক কম দামের অনারের ‘এন’ সিরিজের মডেলগুলো থেকে।

উন্নত ডিসপ্লে, প্রসেসর ও ব্যাটারি: ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ সিস্টেম-অন-চিপ। র‌্যামের ক্ষেত্রে ১২ ও ১৬ গিগাবাইট এবং তথ্য সংরক্ষণের জন্য ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইটের সংস্করণ পাওয়া যাবে।

সামনে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এলটিপিও ওএলইডি ডিসপ্লে। এর রেজল্যুশন ২৮৬৮ বাই ১৩২০ পিক্সেল। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১০ হাজার নিটস।

বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে ১০০ ওয়াট তারযুক্ত এবং ৮০ ওয়াট তারহীন চার্জিং সুবিধা রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়াই-ফাই ৭, দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ই-সিম ব্যবহারের সুবিধা এবং ৫৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা।

২০০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা: ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ পেছনের অ্যারিফ্লেক্স-অনুপ্রাণিত ট্রিপল ক্যামেরা ব্যবস্থা। এতে রয়েছে এফ/১.৫৭ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পাশাপাশি রয়েছে এফ/২.৬ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং এফ/২.০ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা।

অনারের দাবি, ফোনটি যেকোনো অবস্থানে ধরে ছবি বা ভিডিও ধারণ করলেও দৃশ্য যথাসম্ভব স্থির রাখতে প্রধান ক্যামেরায় জিম্বাল-মানের অপটিক্যাল স্থিতিশীলতা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

বড় রেজল্যুশনের ক্যামেরাগুলোর সক্ষমতা কাজে লাগাতে অনার প্রথমবারের মতো নিজস্ব ইমেজিং প্রসেসর ‘এইচ১’ যুক্ত করেছে। পাশাপাশি অ্যারির কারিগরি সহযোগিতায় ফোনটিতে যুক্ত হয়েছে পূর্ণাঙ্গ সিনেমাটিক ভিডিও ধারণের ব্যবস্থা।

সিনেমাটিক ভিডিও ধারণে বিশেষ সুবিধা: ফোনটিতে অ্যারির নিজস্ব লগ ফরম্যাট ‘অ্যারি লগসি৩’ ব্যবহার করে উন্নত মানের ভিডিও ধারণ করা যাবে। ধারণ করা ভিডিওতে প্রয়োগের জন্য রয়েছে অ্যারির তৈরি বিভিন্ন ফিল্টার ও রঙের বিন্যাস। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৮৭টি ‘অ্যারি লুকস’ থেকে পছন্দমতো রঙের ধরন বেছে নিতে পারবেন। এ ছাড়া ২.৩৯:১ অনুপাতের সিনেমার পর্দার মতো আকৃতিতেও ভিডিও ধারণের সুবিধা রয়েছে।

পেশাদার ভিডিও ধারণের অভিজ্ঞতা বাড়াতে স্মলরিগের সঙ্গে অংশীদারত্বে বেশ কিছু আনুষঙ্গিক সরঞ্জামও আনছে অনার। ফোনে স্মলরিগের ক্যামেরা খাঁচা সংযুক্ত করে এর সঙ্গে অনারের ‘টেলিকনভার্টার জি২০০’ অথবা ‘টেলিকনভার্টার জি৫০০’ ব্যবহার করা যাবে। এসব সরঞ্জাম ফোনের ফোকাল দৈর্ঘ্য যথাক্রমে ২০০ ও ৫০০ মিলিমিটার পর্যন্ত বাড়াতে সক্ষম। ফলে দূরের দৃশ্য আরো স্পষ্টভাবে ধারণ করা যাবে, যেসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিত্রপ্রযুক্তির ওপর নির্ভর করে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।

ম্যাজিক ৯ প্রো ম্যাক্স প্রথমে মালয়েশিয়ার বাজারে পাওয়া যাবে। সেখানে ১২ গিগাবাইট র‌্যাম ও ৫১২ গিগাবাইট তথ্য সংরক্ষণক্ষমতার সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ ডলার। আগামী মাসে ফোনটি মধ্যপ্রাচ্যের বাজারে পৌঁছানোর কথা রয়েছে। আর জানুয়ারিতে পশ্চিমা বাজারে এর প্রথম আত্মপ্রকাশ ঘটবে। সূত্র: এনগ্যাজেট
সানা/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে
২৫ নভেম্বর ২০২৬

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে

পড়াশোনা, ব্যক্তিগত আগ্রহ থেকে শুরু করে জীবনের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্...

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি
২৫ নভেম্বর ২০২৬

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

মুঠোফোন ও ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবার মান, সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকদের প্রশ্ন, মতামত ও পরাম...

ক্রোম খুললেই যেভাবে ভেসে উঠবে পছন্দের ছবি
২৩ নভেম্বর ২০২৬

ক্রোম খুললেই যেভাবে ভেসে উঠবে পছন্দের ছবি

কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম খুললেই কি সেই চেনা সাদা পটভূমি আর একই রকম পর্দা দেখতে...

প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে
২৩ নভেম্বর ২০২৬

প্রযুক্তি বিপর্যয় কেবল শুরু, বড় সাইবার ঝুঁকি সামনে

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে সাইবার নিরাপত্তার প্রচলিত হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। বছরের পর বছর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে