আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ আসরের শিরোপা নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পরও হার মানতে রাজি নয় মরক্কো।
সিএএসের রায়ের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। গত মঙ্গলবার সিএএস সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল গ্রহণ করে। একই সঙ্গে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত।
ফলে ২০২৫ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে মাঠে পাওয়া সেনেগালের জয় বহাল থাকে। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পায় সেনেগাল। তবে আদালতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না মরক্কো ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সিএএসের রায়ে তাদের বিস্ময় ও অসন্তোষ রয়েছে। বিশেষ করে রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে সিএএসের প্যানেল সদস্য জার্মান আইনজীবী উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে তারা। মরক্কোর দাবি, এ ধরনের যোগাযোগ সালিশি প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এ ছাড়া মাঠের বাইরে চলে যাওয়া খেলোয়াড়দের বিষয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ও ফিফার সাম্প্রতিক অবস্থানও সিএএসের রায়ে যথাযথভাবে বিবেচিত হয়নি বলে মনে করছে দেশটির ফেডারেশন।
বিবৃতিতে মরক্কো ফুটবল ফেডারেশন বলেছে, ‘সিএএসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আমরা সব ধরনের আইনি পথ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করছি।’ এর আগে ফাইনালের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন।
পরে সাদিও মানের হস্তক্ষেপে প্রায় ১৪ মিনিট পর মাঠে ফেরেন তারা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর ব্রাহিম দিয়াজ। এরপর অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সেনেগাল।
কিন্তু গত মার্চে সেনেগালকে ফাইনাল থেকে ওয়াকওভার দেওয়া হয়েছে দাবি করে ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে সিএএফের আপিল বোর্ড। তাতে শিরোপা পায় মরক্কো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল।
সিএএসের যুক্তি ছিল, ম্যাচ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল রেফারির। দুই দলই মাঠে ফিরে খেলা চালিয়ে যেতে সম্মত হওয়ায় ম্যাচ শেষ করার সিদ্ধান্তে কোনো আইনি ভুল ছিল না রেফারির। ফলে সেনেগালের মাঠের জয় বহাল রাখে আদালত।
ডিসি/আপ্র/২৫/১১/২০২৬