ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে ওই নেত্রীকে বারবার নিজের বাংলোয় আসার অনুরোধ করতে শোনা গেছে ওসিকে। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে।’ এমনকি মাথাব্যথাসহ সব অসুস্থতা চলে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।
ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম। তবে তার দাবি, ওই নারী একটি মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে গেছেন। তাকে আবার পুলিশের কাছে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ফোন করেছিলেন তিনি।
ওই নেত্রী হলেন দাগনভূঞা উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা আক্তার সনি।
ফাঁস হওয়া ফোনালাপের তথ্য অনুযায়ী, একটি মামলায় গত ১০ নভেম্বর গ্রেফতার হন তাজকিরা আক্তার সনি। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফোন করেন ওসি ফয়জুল আজিম। এ সময় তিনি সনিকে দেখা করতে এবং থানার বাংলোয় আসতে বলেন।
জবাবে সনি জানান, তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কুমিল্লার মিয়াবাজারে অবস্থান করছেন। এ কারণে তার পক্ষে দাগনভূঞায় যাওয়া সম্ভব নয়।
এ সময় ওসিকে কাতর স্বরে বলতে শোনা যায়, ‘মাথাব্যথা থেকে যা কিছু আছে, সব চলে যাবে। তুমি আসো। আমার সঙ্গে অল্প একটু কথা বললে, দেখা করলে সব সমস্যা চলে যাবে। আমার কিছু চাওয়া-পাওয়া নেই। শুধু একটু দেখতে চাই। একটা সিএনজি নিয়ে চলে আসো।’
জবাবে সনি বলেন, ‘আমি দাগনভূঞায় নেই। থাকলে অবশ্যই আসতাম। আমি চৌদ্দগ্রামে আছি। আমি জেলের মেঝেতে শুয়ে অসুস্থ হয়ে পড়েছি। জেলে ভাত খেতে পারিনি। বাড়ি এসে ভাত খেয়েছি।’
এরপর ওসি বলেন, ‘মানুষের একটা আকর্ষণ আছে না। তুমি যেখানেই আছো, বাংলোয় চলে আসো।’
ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই নারী দুর্র্ধষ। অনেক কষ্টে তাকে গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবার পালিয়ে গেছেন। তাকে বুঝিয়ে আবার পুলিশের কাছে নিয়ে আসার পরিকল্পনা থেকেই ফোন করেছিলেন।
ওসি আরো বলেন, সনির প্রতিপক্ষ গ্রুপের কিছু তথ্য তার কাছে রয়েছে। তাকে পুলিশের সোর্স হিসেবে ব্যবহার করে আরো কয়েকজনকে গ্রেফতারের পরিকল্পনা ছিল। তার ভাষ্য, সনি নিজেই আসার কথা বলেছিলেন এবং এসে কিছু তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রেফতার আতঙ্কে তিনি আসেননি। এখন আত্মগোপনে থেকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছেন বলে দাবি করেন ওসি।
এ বিষয়ে বক্তব্য জানতে তাজকিরা আক্তার সনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সানা/কেএমএএ/আপ্র/২৫/১১/২০২৬