প্রায় ৬ বছর পর একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি। শোনা যাচ্ছে, ‘ফোর্স ৩’ সিনেমায় দেখা যাবে তাদের। সূত্রের খবর, এই সিনেমায় একটি গানে পারফর্ম করবেন নায়িকা। এর আগে ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’র মতো একাধিক গানে তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক।
আবারো তেমনই এক গানের অপেক্ষায় অনুরাগীরা। ফলে ‘ফোর্স ৩’-তে এই জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। এক সূত্রের দাবি, নোরার জন্য বিশেষ গানটির পরিকল্পনা করা হয়েছে বেশ বড় মাপের। সিনেমার অ্যাকশননির্ভর গল্প এবং বিনোদনের কথা মাথায় রেখেই তৈরি হবে এই মিউজিক্যাল সিকোয়েন্স।
সূত্রের কথায়, ‘নোরাকে একটি স্পেশাল ডান্স নম্বরের জন্য নেওয়া হয়েছে। এই সিকোয়েন্স যেমন হবে জমকালো এবং দর্শক মাতানো তেমনই হবে এক মিউজিক্যাল স্পেকট্যাকল।’
‘ফোর্স ৩’-এ জনের সঙ্গে অভিনয় করবেন হর্ষবর্ধন রানে। দুই তারকার ফেসঅফ এই সিনেমার অন্যতম ইউএসপি। ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে।
ডিসি/আপ্র/২৫/১১/২০২৬