২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা এবারো অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই কোর্সের ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার নম্বর এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কাউন্সিলের ওয়েবসাইটে ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬-২০২৭’ শিরোনামে এটি প্রকাশ করা হয়।
নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হবে। তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৮ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ থাকতে হবে।
এইচএসসি বা সমমানের পাঠ্যসূচি অনুযায়ী বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১০০টি প্রশ্ন থাকবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থীকে অকৃতকার্য বিবেচনা করা হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে।
আবেদন প্রক্রিয়া: ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। একজন শিক্ষার্থী একবারই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।
এ ছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল কিংবা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র সমন্বয় করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
মেধাতালিকা যেভাবে নির্ধারণ: ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ১২ গুণ যোগ করে মেধাস্কোর নির্ধারণ করা হবে। তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট স্কোর থেকে ৩ নম্বর বাদ যাবে। আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে কাটা হবে ৫ নম্বর।
এভাবে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে। পরে নির্ধারিত কোটা ও শিক্ষার্থীদের পছন্দক্রম বিবেচনা করে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
সানা/কেএমএএ/আপ্র/২৫/১১/২০২৬