গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
নতুন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
ছবি

বুধবার সকালে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে -ছবি সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শিল্পাঞ্চলগুলোতে অসন্তোষ কমেনি। বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায়ও বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কোথাও কোথাও বন্ধ রয়েছে উৎপাদন।

গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। এতে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামেন।

গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি: গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশ অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে ভোগড়া বাইপাস, চন্দনা চৌরাস্তা, মৌচাক, তেলিরচালা ও অন্যান্য এলাকায়ও বিক্ষোভ ও অবরোধ ছড়িয়ে পড়ে। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এদিকে কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ কে এইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় লোকজন চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ছাড়া পদ্মার মোড় এলাকা থেকে দুই শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

পরিস্থিতির কারণে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিক ও কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীপুরের ১৬টি কারখানায় বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানা হলো- ভিনটেক্স ডেনিম লিমিটেড, টি-ডিজাইন নিটওয়্যার লিমিটেড, ডি-জাইটেক্স নিটওয়্যার লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট, সাবলাইম গার্মেন্টস, এক্সিকিউটিভ গ্রিন টেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, স্ট্যান্ডার্ড গার্মেন্টস, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান সোয়েটার, টি এস ক্যাজুয়াল, ইউরো ফ্যাশন, প্যানডোরা সোয়েটার ও ইউনিসেন্স গার্মেন্টস।

এ ছাড়া তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেনিম্যাক ডেনিম, কে এস এস নিটওয়্যার লিমিটেড, তাকওয়া ফ্যাশন লিমিটেড ও লান্তাবুর গার্মেন্টস এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসরোটেক্স গার্মেন্টস, প্যাস্টেল অ্যাপারেলস, ইপিক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ভাংনাহাটি, কেওয়া নতুন বাজার ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় রাতুল অ্যাপারেলস, এমএইচসি অ্যাপারেলস, ডেনিমেক, হ্যামস গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার, ভিক্টোরিয়া গার্মেন্টস, নোমান হোম টেক্সটাইল ও বাঘেরমন্ডল ইন্টিমেন্টসসহ কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা কোনো কোনো কারখানার ভেতরে ঢুকতে না পেরে অফিসকক্ষ ও মূল্যবান আসবাব ভাঙচুর করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুরের ১০ থেকে ১৫টি কারখানা দুই দিনের জন্য ছুটি দিয়েছে। বুধবারের জন্য অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত দুর্বৃত্তরা কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি।

সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, বন্ধ ২২ কারখানা: গাজীপুরের পাশাপাশি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও বুধবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের হেমায়েতপুরে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সকাল পৌনে ৯টার দিকে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় যোগ দিলেও কিছুক্ষণ পর কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় আশপাশের সচল কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।

একপর্যায়ে শ্রমিকেরা বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরো ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তবে বুধবার বিকেলে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে সাভার ও আশুলিয়ার অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার তথ্য পাওয়া গেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জেও বিক্ষোভ, তিন কারখানায় ছুটি: এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার দুপুরে বিসিক ও মাসদাইর এলাকায় বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক জানান, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। তাদের দাবির মধ্যে রয়েছে সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করা, দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের পদমর্যাদা পরিবর্তন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ। সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো- ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড।

তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে, বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। কারখানাটি বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে না থাকলেও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানান আনোয়ারুল হক।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এ মজুরি বাস্তবসম্মত হয়নি এবং তা গ্রহণযোগ্য নয়। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরো বাড়ানোর দাবি জানান তিনি। তবে কোনো ধরনের বিশৃঙ্খলার পক্ষে নন বলেও উল্লেখ করেন।

নারায়ণগঞ্জের চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তিন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন: শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় বিজিবির ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো নিয়ে অসন্তোষ: দীর্ঘ আলোচনার পর নিম্নতম মজুরি বোর্ড তৈরি পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে। এতে চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে শুরু হওয়া বোর্ডের বৈঠক চলে বুধবার রাত দেড়টা পর্যন্ত। সমঝোতা না হওয়ায় ছয় সদস্যের বোর্ডে ভোটাভুটি হয়। এতে চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এ জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রজ্ঞাপন প্রয়োজন হবে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম বেতন পাওয়ার কথা আগামী জানুয়ারিতে।

বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। তবে শ্রমিকদের একটি অংশের দাবি, বর্তমান বাজারদরের তুলনায় এ মজুরি যথেষ্ট নয়। জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, খাদ্য, চিকিৎসা ও যাতায়াত খরচ বিবেচনায় নিয়ে তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করছেন।

অন্যদিকে, শ্রমিকদের একাংশ নতুন মজুরি মেনে কাজে ফেরার পক্ষে মত দিয়েছেন। কয়েক সপ্তাহের আন্দোলন, কারখানা বন্ধ থাকা ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে মজুরি বৃদ্ধিকে তারা গ্রহণযোগ্য মনে করছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যেও মতভিন্নতা রয়েছে।

এদিকে গাজীপুরের যেসব কারখানায় বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, সেসব কারখানার শ্রমিকেরা শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি পেয়েছেন। ইতোমধ্যে অনেকে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। শিল্পাঞ্চলগুলোতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
২৫ নভেম্বর ২০২৬

আগরতলায় আওয়ামী লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগ...

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু...

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে
২৫ নভেম্বর ২০২৬

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি...

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
২৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে