গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশভেদে পৃথক শুল্কহার প্রস্তাব করতে পারে। এসব শুল্ক আগে থেকে আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখতেই গত মার্চে এ উদ্যোগ নেওয়া হয়। তদন্তের আওতায় থাকা ১৬ বাণিজ্য অংশীদার হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

তবে আগে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ শুল্কহার বহাল রাখার বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। এসব চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

চীনের পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে রাখার বিষয়টিও বহাল থাকতে পারে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি নবায়ন করা না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে প্রস্তাবিত শুল্কহার আরো বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের সাবেক কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬ বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক প্রস্তাব থাকতে পারে। তাঁর মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে অভিযুক্ত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। এসব শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে।

তবে উৎপাদন সক্ষমতা কমাতে সংশ্লিষ্ট দেশগুলো পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্তে তুলনামূলক কম হারও প্রস্তাব করা হতে পারে বলে জানান তিনি।

গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরুর পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত শুরু করে ইউএসটিআর। এ দুই তদন্তের মাধ্যমে সুপ্রিম কোর্টের বাতিল করা ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা নতুন করে সাজানোর লক্ষ্য রয়েছে প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় চীনা বিনিয়োগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে পণ্য উৎপাদন করে আগের মার্কিন শুল্ক এড়িয়ে দেশটির বাজারে প্রবেশ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপ করা কিছু শুল্ক বাতিল করেন। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত
২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং...

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস
২৫ নভেম্বর ২০২৬

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস

মহাকাশে পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াং গং...

মোদি আমলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে
২৫ নভেম্বর ২০২৬

মোদি আমলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের গত এক দশকের শাসনামলে দেশটির গণতন্ত্র, মানবাধ...

বিসলেরির বোতলজাত পানিতে ক্ষতিকর রাসায়নিক, মামলা
২৫ নভেম্বর ২০২৬

বিসলেরির বোতলজাত পানিতে ক্ষতিকর রাসায়নিক, মামলা

ভারতের বহুল পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানির নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে