পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের ক্ষমতাবলে রোববার এ পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে প্রদেশটিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সরকার কার্যত স্থগিত হয়ে গেছে। পিটিআই কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল।
রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রদেশটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানান, তিনি মন্ত্রিসভার ওই সুপারিশে অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখওয়ার প্রাদেশিক সরকার ‘সন্ত্রাসবাদবিরোধী লড়াই থেকে ইচ্ছাকৃতভাবে সরে দাঁড়িয়েছে’। বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা জনপ্রিয় নেতা ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই যখন রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় প্রদেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলো কেন্দ্রীয় সরকার।
সানা/ডিসি/আপ্র/১১/১০/২০২৬