গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

বিদ্রোহের অগ্নিশিখায় সাম্যের সূর্যোদয় চাই

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
বিদ্রোহের অগ্নিশিখায় সাম্যের সূর্যোদয় চাই
ছবি

ছবি সংগৃহীত


সুখদেব কুমার সানা

সভ্যতার ইতিহাসে শাসক বদলেছে, শাসনব্যবস্থা বদলেছে, অর্থনীতির চরিত্র বদলেছে; কিন্তু উৎপাদনের মূল কারিগর শ্রমজীবী মানুষের বঞ্চনা ঘোচেনি। রাজা-জমিদারের সামন্ততন্ত্র, মুঘল আমলের ভূমি ও রাজস্বব্যবস্থা, ঔপনিবেশিক শাসনের সম্পদ লুণ্ঠন পেরিয়ে আধুনিক রাষ্ট্রের বাজারনির্ভর অর্থনীতিতেও শোষণের নানা রূপ বিদ্যমান। পার্থক্য শুধু ব্যবস্থাপনায়; শোষিতের পরিচয় বদলায়নি। আজ বাংলাদেশের পোশাকশিল্পসহ সামগ্রিক শ্রমবাজারের বৈষম্য, মজুরি-বঞ্চনা ও শ্রমিক অসন্তোষ আমাদের সেই ঐতিহাসিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার এত বছর পরও শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কেন এত পিছিয়ে?

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক যৌথ জরিপের তথ্যটি রীতিমতো বিস্ময়কর। তৈরি পোশাকশিল্পে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, অথচ শ্রমিকদের গড় মজুরি মাত্র ২০ হাজার ৯০৬ টাকা। প্রাথমিক স্তরের শ্রমিকের আয় ১৬ হাজার ৬৫৪ টাকা। অর্থাৎ যে শ্রমিকের ঘাম ও পরিশ্রমে প্রতিষ্ঠানের উৎপাদন, রপ্তানি ও মুনাফা সৃষ্টি হচ্ছে, তাঁর আয়ের তুলনায় মালিক-পরিচালকের আয় প্রায় ১৫ গুণ। এই ব্যবধানকে কেবল পদমর্যাদা কিংবা বিনিয়োগের স্বাভাবিক পার্থক্য বলে ব্যাখ্যা করলেই দায়িত্ব শেষ হয় না। প্রশ্ন, উৎপাদনের সম্পদ সৃষ্টিকারী শ্রমিকের জীবনমান নিশ্চিত করার মতো ন্যায্য হিস্যা কোথায়?

বৈষম্যের আরেকটি নিষ্ঠুর চিত্র নারী শ্রমিকদের মজুরিতে। জরিপে পুরুষ শ্রমিকের গড় মাসিক মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা, নারীর ১৮ হাজার ৮২০ টাকা। পোশাকশিল্পে পুরুষের আয় ২৩ হাজার ৫৭৬ টাকা, নারীর ১৮ হাজার ৯৯৩ টাকা। অর্থাৎ নারী শ্রমিকেরা একই শিল্পের উৎপাদনপ্রক্রিয়ায় অংশ নিয়েও গড়ে প্রায় ২১ শতাংশ কম মজুরি পাচ্ছেন। জরিপটি অবশ্য একই পদে সমান কাজের বিপরীতে মজুরির পার্থক্য নির্ণয় করেনি। ফলে বৈষম্যের প্রকৃত কারণ নির্ধারণে পদ, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বভিত্তিক নিরীক্ষা জরুরি। আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত গবেষণায়ও বাংলাদেশের নারীদের মাসিক উপার্জন পুরুষের তুলনায় ২২ থেকে ২৫ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে। এটি নিছক আয়বৈষম্য নয়; নারীর শ্রমের সামাজিক অবমূল্যায়নেরও প্রমাণ।

এই বাস্তবতাকে রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করলে জাঁ-জাক রুশোর বৈষম্যবিষয়ক দর্শন বিশেষভাবে প্রাসঙ্গিক। তাঁর মতে, সম্পত্তির অসম বণ্টন ও বিশেষাধিকারের বিস্তার সমাজে নির্ভরশীলতা এবং অধীনতার সম্পর্ক তৈরি করে। কার্ল মার্ক্স উৎপাদনে শ্রমিকের অবদান ও উৎপাদিত সম্পদের মালিকানার মধ্যকার দ্বন্দ্বকে শোষণের অন্যতম ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে জন রলসের ন্যায়বিচারের নীতি বলছে, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এমনভাবে বিন্যস্ত হতে হবে, যাতে সমাজের সবচেয়ে বঞ্চিত মানুষের সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয়। বাংলাদেশের শ্রমবাজারে বিদ্যমান বৈষম্য এই ন্যায়বিচারের দর্শনের সঙ্গে কতটা সাংঘর্ষিক, তা বুঝতে কোনো জটিল গবেষণার প্রয়োজন নেই। এখানে রাষ্ট্রের নৈতিক দায় অস্বীকারের সুযোগ নেই।

এর মধ্যেই পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে নতুন মজুরি ২১ হাজার ৫০০, ২০ হাজার, ১৯ হাজার ২০০ ও ১৭ হাজার টাকা। ১ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্তও হয়েছে। তিন বছরের ব্যবধানে ৩৬ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি অবশ্যই একটি অগ্রগতি। কিন্তু শ্রমিকদের চূড়ান্ত সংশোধিত দাবি ছিল ১৮ হাজার টাকা, মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার টাকা। ছয় সদস্যের বোর্ডে চার ভোটে ১৭ হাজার টাকা গৃহীত হয়েছে। এর আগে শ্রমিকদের দাবি ছিল ৩০ হাজার টাকা। অতএব সিদ্ধান্তটি মজুরি বৃদ্ধির হলেও শ্রমিকের জীবনযাত্রার বাস্তব ব্যয়, মূল্যস্ফীতি, বাসাভাড়া, খাদ্য, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচের সঙ্গে এর সামঞ্জস্য কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কেবল শতাংশের হিসাবে মজুরি বৃদ্ধি নয়, মানুষের জীবনমানের বাস্তব উন্নতিই হওয়া উচিত মূল্যায়নের মানদণ্ড।

এই প্রশ্নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অবস্থানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংস্থাটি ১৯ নভেম্বর ২০২৬-এর বিবৃতিতে বলেছে, নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতা-সবকিছু বিবেচনায় নিতে হবে। পাশাপাশি শ্রমিকের সংগঠন করার অধিকার, যৌথ দর-কষাকষি এবং মালিক-শ্রমিকের নিয়মিত সংলাপ নিশ্চিত করতে হবে। অর্থাৎ শিল্পের সক্ষমতা ও শ্রমিকের অধিকার পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং দীর্ঘমেয়াদি শিল্পোন্নয়নের পরিপূরক। এখানে আন্তর্জাতিক ক্রেতা ও বহুজাতিক ব্র্যান্ডগুলোরও দায় রয়েছে। সস্তা শ্রমের সুবিধা নিয়ে বিপুল মুনাফা অর্জন করবে, অথচ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার ব্যয় বহনে অংশ নেবে না-এমন সরবরাহব্যবস্থা নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ, মহাসড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনাকে তাই কেবল আইনশৃঙ্খলার বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। ২৫ নভেম্বর গাজীপুরের সালনা ও মালেকের বাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হেমায়েতপুরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাভার ও আশুলিয়ায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টি কারখানায় কর্মবিরতি এবং ৯টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশের কাঁদানে গ্যাস, শব্দবোমা ও বলপ্রয়োগ পরিস্থিতিকে আরো জটিল করেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, জবরদস্তি কিংবা সহিংসতার কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু শ্রমিকের ন্যায্য দাবিকে রাজনৈতিক অপপ্রচার বা উসকানির তকমা দিয়ে উড়িয়ে দেওয়াও অন্যায়। প্রতিবাদের পেছনের বাস্তব কারণ অনুসন্ধান না করে কেবল প্রতিবাদ দমন করলে ক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়বে।

শিল্পের সংকটও উপেক্ষা করার মতো নয়। যৌথ জরিপে দেখা গেছে, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতিতে প্রতিদিন গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ এবং ৩ দশমিক ২ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। ৭৯ শতাংশ কারখানা জ্বালানিসংকটকে বড় বাধা বলেছে। ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমে ৬৬ শতাংশ হয়েছে এবং জরিপভুক্ত কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় এক শতাংশ কমেছে। নতুন নিয়োগও সম্প্রসারণের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে পুরোনো শ্রমিকের শূন্যস্থান পূরণে সীমিত থেকেছে। ফলে শিল্পের প্রতিযোগিতা, বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় সরকারের জ্বালানি, অবকাঠামো, ঋণ ও নীতিগত সহায়তা অপরিহার্য। তবে শিল্পের দুর্বলতার দায় শ্রমিকের নিম্ন মজুরি দিয়ে অনির্দিষ্টকাল পূরণ করা যাবে না।

আমাদের মনে রাখা প্রয়োজন, ২০১৩ সালের রানা প্লাজা বিপর্যয়ে এক হাজার একশর বেশি শ্রমিকের মৃত্যু এবং দুই হাজারের বেশি মানুষের আহত হওয়ার ঘটনা বিশ্বকে বাংলাদেশের শ্রমিক নিরাপত্তার ভয়াবহ বাস্তবতা দেখিয়েছিল। এরপর কারখানার নিরাপত্তায় উল্লেখযোগ্য সংস্কার হয়েছে; কিন্তু শ্রমিকের জীবন, মজুরি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লড়াই এখনো শেষ হয়নি। পোশাকশিল্পের বাইরে নির্মাণ, কৃষি, পরিবহন, গৃহকর্ম, চা-বাগান, ক্ষুদ্র শিল্প ও অনানুষ্ঠানিক শ্রমবাজারেও ন্যায্য মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং সংগঠিত হওয়ার অধিকারের প্রশ্ন রয়েছে। শ্রমিকের অধিকার কেবল একটি শিল্পের সমস্যা নয়; এটি জাতীয় অর্থনীতির ন্যায়সংগত ভিত্তি নির্মাণের প্রশ্ন।
এখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা আমাদের নতুন করে ভাবায়। তাঁর বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর, আর সাম্যবাদ মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দর্শন। তাঁর সাহিত্যিক উচ্চারণে মানুষই ছিল সব বিভাজনের ঊর্ধ্বে। অথচ আমরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেও এমন সমাজ নির্মাণ করতে পারিনি, যেখানে শ্রমের মর্যাদা সম্পদের মালিকানার কাছে পরাজিত হবে না। নজরুলের সাম্যকে আমরা আবৃত্তিতে ধারণ করেছি, কিন্তু রাষ্ট্রীয় নীতি, অর্থনৈতিক বণ্টন ও সামাজিক প্রতিষ্ঠানে কতটা বাস্তবায়ন করেছি?

এখন প্রয়োজন ঘোষণানির্ভর নয়, কার্যকর শ্রমনীতি। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মজুরি পুনর্নির্ধারণ, নারী-পুরুষের সমকাজে সমমজুরি, বার্ষিক মজুরি বৃদ্ধির কার্যকর ব্যবস্থা, সময়মতো বেতন ও অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকের সংগঠন ও যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। মজুরি নির্ধারণে শ্রমিকের প্রকৃত চাহিদা ও পরিবারের ব্যয়ের নিরপেক্ষ জরিপ প্রকাশ করতে হবে। একই সঙ্গে শিল্পমালিকদের জবাবদিহি, ক্রেতাপ্রতিষ্ঠানের ন্যায্য মূল্য প্রদান এবং সরকারের জ্বালানি ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। মজুরি বাস্তবায়ন ও শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে স্বাধীন ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আমরা এমন বাংলাদেশ চাই না- যেখানে একদল মানুষের প্রাচুর্যের ভিত্তি হবে অন্য একদল মানুষের দারিদ্র্য। শ্রমিকের ঘামে অর্জিত সমৃদ্ধি শ্রমিকের জীবনেও স্বস্তি আনবে-এটাই অর্থনৈতিক ন্যায়বিচার। বিদ্রোহের চেতনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জোগাক, আর সাম্যের দর্শন রাষ্ট্রের নীতি ও সমাজের ভিত্তি হয়ে উঠুক। কারণ শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন অসম্পূর্ণ, শিল্পের সমৃদ্ধি অমানবিক এবং স্বাধীনতার অঙ্গীকার অপূর্ণই থেকে যাবে।

লেখক: বার্তা সম্পাদক, দৈনিক আজকের প্রত্যাশা ও সাংস্কৃতিককর্মী
(মতামত লেখকের সম্পূর্ণ নিজস্ব)

কেএমএএ/আপ্র/২৯.১১.২৬

সংশ্লিষ্ট খবর

খান বাহাদুর আহছানউল্লাহর প্রেমভাবনা
২৯ নভেম্বর ২০২৬

খান বাহাদুর আহছানউল্লাহর প্রেমভাবনা

জান্নাতুন নার্গিস চৈতীমানবজীবনের অনুভূতিগুলোর মধ্যে প্রেম অন্যতম গভীর ও শক্তিশালী অনুভূতি। আহছানউল্ল...

বৃক্ষের বুকে পেরেক, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি
২৭ নভেম্বর ২০২৬

বৃক্ষের বুকে পেরেক, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি

আমিনুল ইসলাম হিরোযে বৃক্ষ নীরবে মানুষকে ছায়া দেয়, অক্সিজেন জোগায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে- ওই...

অস্থির পৃথিবীতে কার জীবন নিরাপদ
২৬ নভেম্বর ২০২৬

অস্থির পৃথিবীতে কার জীবন নিরাপদ

ড. মঈন জালাল চৌধুরীগ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসে হোসে আরকাদিও বুয়েন্দ...

মানুষের জীবনে স্বস্তি ফেরানোই হোক রাষ্ট্রের অগ্রাধিকার
২৬ নভেম্বর ২০২৬

মানুষের জীবনে স্বস্তি ফেরানোই হোক রাষ্ট্রের অগ্রাধিকার

শামসুল আলমহেমন্তের সকাল। খবরের কাগজ খুললে মনে হয়, পৃথিবীটা আসলে এক বিরাট হিসাবের খাতা। কেউ সেখানে মজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে