মিয়ানমারের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্যে দেশটির সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও বাজারে হামলার এক দিন পর রোববার (২৯ নভেম্বর) প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।
পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় একটি দাতব্য সংস্থার প্রধান জানিয়েছেন, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই শহরের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে সামরিক বাহিনীর হামলায় ২১ জন নিহত হয়েছেন। তবে আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, ওই হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন।
অন্যদিকে, রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় শনিবার পৃথক বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ। তাঁর ভাষ্য, বিকেলে একটি বাজারে চালানো হামলায় ১০ জন এবং একই এলাকায় দ্বিতীয় হামলায় আরো ১৯ জন নিহত হন।
হ্লা মং উ সামরিক বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন। হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
তিনি জানান, রোববার এএফপির একজন সাংবাদিক ম্রাউক-উর একটি কবরস্থানে ২৮টি মরদেহ গুনেছেন। অপর একটি মরদেহ নিহত ব্যক্তির নিজ শহরে নিয়ে যাওয়া হয়েছে।
হামলায় পুড়ে ছাই বসতবাড়ি: ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্রাউক-উতে কাঠ ও ইটের তৈরি ভবনগুলো ধসে মাটির সঙ্গে মিশে গেছে। চারদিকে ছড়িয়ে রয়েছে পোড়া ধ্বংসাবশেষ। বোমার আঘাতে তৈরি গর্তের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
একটি ছাউনির নিচে টাইলস বসানো মেঝেতে সারি করে রাখা হয়েছে নিহত ব্যক্তিদের মরদেহ। স্বজনেরা সেগুলোর পাশে কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহগুলোর কয়েকটি রক্তাক্ত ছিল; অধিকাংশই সাদা চাদর ও সবুজ ত্রিপলে ঢাকা ছিল।
২৫ বছর বয়সী কিয়াওত আয়ে সেইন জানিয়েছেন, সামরিক বাহিনীর হামলায় তাঁর স্বামী নিহত হয়েছেন। তিনি ছেলেকে নিয়ে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পৃথক এক হামলায় যুদ্ধবিমান থেকে ফেলা বোমা একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। এতে ছয় সদস্যের একটি পরিবারের সবাই ঘটনাস্থলেই নিহত হন।
আয়ে সেইন বলেন, বোমাটি বাড়ির ওপর পড়ার সঙ্গে সঙ্গেই সবকিছুতে আগুন ধরে যায়। ছেলেকে জড়িয়ে ধরে তিনি সেখান থেকে পালিয়ে যান। তিনি আরো জানান, ভয়ে তাঁরা পুরো রাত ওয়ার্ডের বাইরে কাটিয়েছেন। তাঁর ছেলে ও অন্য বাসিন্দাদের সঙ্গে একটি খোলা মাঠে রাত কাটাতে হয়েছে। ওই ওয়ার্ডের সবাই সেখানে আশ্রয় নিয়েছিলেন বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার মাগওয়ে অঞ্চলে আরেকটি হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্যের সরকার জানিয়েছিল, ওই হামলায় একটি স্কুল ও বৌদ্ধবিহারে ২০ জন বেসামরিক নাগরিক এবং জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের ৯ সদস্য নিহত হয়েছেন।
রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগ নিয়ে একটি আন্তর্জাতিক আদালতের রায়ের এক সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটল। সূত্র: এএফপি
সানা/আপ্র/২৯/১১/২০২৭