মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুজনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার নবগ্রাম ও আভুঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে মো. মাসুম ও মো. সজীব নামে দুজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. সজীবকে ছয় মাস এবং মো. মাসুমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
সানা/আপ্র/২৯/১১/২০২৭