এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন এলাকা থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই রাতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সামনে একটি সাদা রঙের হাইএইস ও একটি কালো রঙের নোহা মাইক্রোবাসকে কয়েকবার দ্রুতগতিতে ঘোরাফেরা করতে দেখেছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন। এসব যানবাহনের চলাচলের সঙ্গে বস্তুগুলো রেখে যাওয়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। স্থাপনাগুলো হলো- পুলিশ সুপারের বাসভবন, জেলা কারাগার, সার্কিট হাউস, পৌর কমিউনিটি সেন্টার ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। পৃথক পাঁচটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে আরো একটি বস্তু উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা বস্তুগুলো শপিং ব্যাগের ভেতরে রাখা ছিল। সেগুলো লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পানি ভর্তি বালতিতে রাখে।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, বস্তুগুলো উদ্ধারের আগে সংশ্লিষ্ট স্থানগুলোর সামনে একটি সাদা রঙের হাইএইস ও একটি কালো রঙের নোহা মাইক্রোবাসকে কয়েকবার দ্রুতগতিতে চলাচল করতে দেখা গেছে। তাঁদের ধারণা, এসব যানবাহনের চলাচলের সঙ্গে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে খবর পেয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সন্দেহজনক যানবাহনের গতিবিধি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
সানা/আপ্র/২৯/১১/২০২৭