জান্নাতুন নার্গিস চৈতী
মানবজীবনের অনুভূতিগুলোর মধ্যে প্রেম অন্যতম গভীর ও শক্তিশালী অনুভূতি। আহছানউল্লাহর জীবনদর্শন ও রচনাবলিতে প্রেমের এই বিস্তৃত উপলব্ধি প্রকাশিত হয়েছে। তার কাছে প্রেম ছিল আত্মশুদ্ধি, আত্মত্যাগ, স্রষ্টার নৈকট্য লাভ এবং সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করার এক মহৎ সাধনা।
প্রেমের স্বরূপ অনুসন্ধান করতে গেলে প্রথমেই আসে স্রষ্টা ও সৃষ্টির প্রসঙ্গ। সুফি দর্শনে প্রেম কেবল মানুষের পারস্পরিক আকর্ষণ কিংবা আবেগের বিষয় নয়; বরং এর সর্বোচ্চ প্রকাশ ঘটে স্রষ্টার প্রতি আত্মনিবেদনে। এই প্রেমের মধ্য দিয়েই স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে। প্রেমকে সৃষ্টির রহস্যের অন্যতম ব্যাখ্যা হিসেবেও বিবেচনা করা হয়। প্রেম মানুষকে নিজের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে অন্যের জন্য ভাবতে শেখায়, আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে বৃহত্তর সত্যের দিকে ধাবিত করে।
সুফি দর্শনের অন্যতম মূল ভিত্তি হলো ঐশী প্রেম। সুফি সাধনায় স্রষ্টার প্রতি এই আত্মনিবেদিত প্রেমই ঐশী প্রেম হিসেবে পরিচিত। এই দর্শনে সৃষ্টির অস্তিত্ব ও মানুষের আধ্যাত্মিক অভিযাত্রাকে স্রষ্টার প্রতি প্রেমের আলোকে উপলব্ধি করা হয়। সুফি পরিভাষায় ‘এশক’ বলতে এমন এক গভীর ও তীব্র প্রেমকে বোঝায়- যেখানে প্রেমিকের আত্মসত্তা প্রেমাস্পদের প্রতি সম্পূর্ণ নিবেদিত হয়ে ওঠে। ঐশী প্রেমের ক্ষেত্রে এই এশক মানুষকে ব্যক্তিস্বার্থ ও অহংবোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে স্রষ্টার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষায় পরিচালিত করে।
প্রকৃত প্রেমের আকাঙ্ক্ষা কোনো পার্থিব প্রাপ্তিতে সীমাবদ্ধ নয়; প্রেমাস্পদের সান্নিধ্যই তার পরম আরাধ্য। সুফি দর্শনের এই ঐশী প্রেমের ধারণা জালালুদ্দিন রুমির চিন্তাতেও বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। তার দর্শনে প্রেম আত্মার পরিশুদ্ধি ও স্রষ্টার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। রুমির নামে প্রচলিত একটি উক্তি- ‘ভালোবাসার কাছে যুক্তি অসহায়।’ প্রেমের গভীর ও অন্তর্নিহিত শক্তির দিকটিকে তুলে ধরে। অন্যদিকে রাবেয়া বসরীর সাধনজীবনে দুনিয়ার প্রাপ্তি কিংবা পরকালের পুরস্কারের আকাঙ্ক্ষা অতিক্রম করে নিখাদ স্রষ্টাপ্রেমের যে আদর্শ প্রকাশিত হয়েছে, তা ঐশী প্রেমের নিঃস্বার্থ স্বরূপকে তুলে ধরে। তার দর্শনের সঙ্গে আহছানউল্লাহর প্রেমভাবনার এই জায়গায় একটি তাৎপর্যপূর্ণ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
আহছানউল্লাহর প্রেমভাবনায় এই ঐশী প্রেমের বিশেষ তাৎপর্য লক্ষ করা যায়। তার উপলব্ধিতে প্রেম হলো আল্লাহর উদ্দেশ্যে সমস্ত কিছু উৎসর্গ করার মানসিকতা অর্জন। তিনি প্রেমকে কেবল হৃদয়ের অনুভূতি হিসেবে দেখেননি; বরং মানুষের চিন্তা, চরিত্র ও কর্মকে পরিবর্তন করার শক্তি হিসেবে বিবেচনা করেছেন। তার ‘ছুফী’ গ্রন্থে উল্লেখ রয়েছে, ‘প্রেম যাহার হৃদয় স্পর্শ করে, তাহার অন্তরস্থ কৃত্রিম পদার্থ বিশুদ্ধ সুবর্ণে পরিণত হয়। দুষ্প্রবৃত্তি তাহা হইতে বিদায় গ্রহণ করে’ (ছুফী, ৭ম সংস্করণ, পৃ. ৬৭)। অর্থাৎ প্রকৃত প্রেম মানুষের অন্তরের কৃত্রিমতা ও অসৎ প্রবৃত্তিকে দূর করে তাকে বিশুদ্ধতার দিকে নিয়ে যায়। তাই প্রেমের সাধনা মূলত আত্মশুদ্ধিরও সাধনা।
প্রেমের সঙ্গে বিশ্বাস ও আশার সম্পর্কও গভীর। যে প্রেমে বিশ্বাস নেই, সেখানে আত্মনিবেদনের পূর্ণতা আসে না। আবার আশা মানুষকে প্রেমাস্পদের নৈকট্যলাভের আকাঙ্ক্ষায় অবিচল রাখে। তবে ঐশী প্রেমের ক্ষেত্রে এই আশা কোনো পার্থিবপ্রাপ্তি কিংবা পুরস্কারের প্রত্যাশা নয়। প্রেমিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা থাকে প্রেমাস্পদের সন্তুষ্টি অর্জনে। দুনিয়ার লোভ কিংবা বেহেশত লাভের আকাঙ্ক্ষা যখন প্রেমের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তখন ওই প্রেমের নিঃস্বার্থতা প্রশ্নবিদ্ধ হয়।
আহছানউল্লাহর চিন্তায় প্রেমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মত্যাগ। প্রেমিকের কাছে নিজের স্বার্থের চেয়ে প্রেমাস্পদের সন্তুষ্টি অধিক গুরুত্বপূর্ণ। প্রেম মানুষকে এমন আত্মত্যাগের মানসিকতা দান করে, যা পার্থিব আকাঙ্ক্ষার ঊর্ধ্বে। এ কারণেই তিনি মহব্বতকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্ব দিয়েছেন। তার ‘ভক্তের পত্র’ গ্রন্থে বিভিন্ন স্থানে প্রেমের সাধনা, আত্মনিবেদন এবং আত্মশুদ্ধির প্রসঙ্গ এসেছে। ১৫২ নম্বর পত্রে তিনি স্বার্থ ত্যাগ করে অপরের জন্য জীবন উৎসর্গ করা এবং মহব্বতকে জীবনের দোসর করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই পত্রে শয়তানকে অন্তরে প্রবেশের সুযোগ না দেওয়ার নির্দেশনাও রয়েছে। অর্থাৎ প্রেমের সাধনায় অন্তরের পবিত্রতা রক্ষা এবং অসৎ প্রবৃত্তি থেকে দূরে থাকা অপরিহার্য। অন্তরে প্রকৃত প্রেম প্রতিষ্ঠিত হলে মানুষের অন্তর্নিহিত শক্তি বিকশিত হয় এবং জীবনের প্রতিকূলতা অতিক্রম করার সামর্থ্য তৈরি হয়।
প্রেমিকের লক্ষ্য ও উদ্দেশ্য প্রেমাস্পদের মধ্যে নিজের সত্তাকে বিলীন করা। সুফি পরিভাষায় এই আত্মবিলীনতার ধারণা ‘ফানা’র সঙ্গে সম্পর্কিত। তবে এই বিলীনতা বাহ্যিক অস্তিত্বের অবলুপ্তি নয়; বরং আত্মকেন্দ্রিকতা, অহংকার ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে স্রষ্টার ইচ্ছা ও সন্তুষ্টিকে জীবনের প্রধান উদ্দেশ্য করে তোলা। এ সাধনায় অন্তরের পবিত্রতা, সত্যতা ও প্রেমিকতা অপরিহার্য। আহছানউল্লাহর বক্তব্য অনুসারে খোদা প্রাপ্তির পথের গুরুত্বপূর্ণ উপাদান হলো সত্যতা, পবিত্রতা ও প্রেমিকতা। অর্থাৎ সত্যনিষ্ঠা ও আত্মশুদ্ধি ছাড়া প্রেমের সাধনা পূর্ণতা পেতে পারে না। প্রেম মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে তাকে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে সহায়তা করে।
প্রেমের সাধনায় বিরহ ও দূরত্বেরও একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ‘ভক্তের পত্র’ গ্রন্থে আহছানউল্লাহ মহব্বতের দূরত্ব এবং প্রেমাস্পদকে পাওয়ার আকাঙ্ক্ষার প্রসঙ্গ তুলে ধরেছেন। প্রকৃত প্রেমিকের কাছে প্রেমাস্পদের নৈকট্য কেবল বাহ্যিক সান্নিধ্যের বিষয় নয়; বরং অন্তরের গভীর উপলব্ধির বিষয়। বিরহের মধ্যেও প্রেমের সাধনা অব্যাহত থাকে। মহব্বতকে জীবনের দোসর করে নেওয়ার অর্থও হলো প্রতিটি কাজ ও চিন্তায় প্রেমের আদর্শকে ধারণ করা।
আহছানউল্লাহর প্রেমভাবনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো স্রষ্টাপ্রেম থেকে সৃষ্টির প্রতি প্রেমে রূপান্তর। তার কাছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; বরং স্রষ্টার প্রতি অটুট প্রেম মানুষের হৃদয়ে সমগ্র সৃষ্টির প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলে। তিনি মানুষকে জাতি, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে বিভাজন করার পরিবর্তে প্রত্যেককে স্রষ্টার সৃষ্টি হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন।
আহছানউল্লাহর ‘ভক্তের পত্র’ গ্রন্থের ১৯৩ নম্বর পত্রে সমগ্র জীবের প্রতি দয়া, পাখি-পশুর প্রতি সহানুভূতি এবং দরিদ্রের প্রতি মমত্ববোধ প্রকাশের নির্দেশনা পাওয়া যায়। অন্য একটি পত্রে তিনি শত্রু-মিত্র, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাইকে আপন করে নেওয়া এবং অপরের জন্য জীবন উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। তার এই উপলব্ধিতে প্রেমের কোনো জাতিগত কিংবা ধর্মীয় সীমাবদ্ধতা নেই; বরং স্রষ্টার প্রতি প্রেমই সমগ্র সৃষ্টির প্রতি ভালোবাসার ভিত্তি। এই মানবিক প্রেমের দর্শন তার একটি বক্তব্যে আরও স্পষ্ট হয়ে ওঠে- ‘এই পৃথিবীতে মহব্বত অপেক্ষা মূল্যবান কোন বস্তু নাই। ইহার দ্বারাই মানুষ পৃথিবীকে বেহেশতে পরিণত করিতে পারে।’ (ভক্তের পত্র)। বক্তব্যটি কেবল আধ্যাত্মিক উপলব্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের পার্থিব জীবন ও সমাজব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার এবং আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। যে হৃদয়ে প্রকৃত প্রেমের জন্ম হয়, সে হৃদয় অন্যের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকতে পারে না। তাই আহছানউল্লাহর প্রেমভাবনায় মানুষের সেবা ও কল্যাণ ঐশী প্রেমেরই বাস্তব প্রকাশ।
সুফি চিন্তাধারায় ঐশী প্রেম, আত্মশুদ্ধি ও আত্মনিবেদনের ধারণা নতুন নয়। তবে আহছানউল্লাহর প্রেমভাবনায় আধ্যাত্মিক সাধনার সঙ্গে মানবিক দায়িত্ববোধের একটি নিবিড় সম্পর্ক লক্ষ করা যায়। তার কাছে প্রেম কেবল ব্যক্তির অন্তর্জগতের অনুভূতি কিংবা স্রষ্টার নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের চিন্তা, চরিত্র ও আচরণে প্রতিফলিত হওয়া প্রয়োজন। আত্মশুদ্ধি ও আত্মনিবেদনের মধ্য দিয়ে যে প্রেমের বিকাশ ঘটে- এর পূর্ণতা প্রকাশিত হয় স্রষ্টার সৃষ্টির প্রতি মমত্ববোধ, অপরের কল্যাণে আত্মনিয়োগ এবং জীবজগতের প্রতি দয়ার মধ্যে। এভাবে তার প্রেমভাবনায় আধ্যাত্মিক উপলব্ধি ও মানবিক দায়িত্ববোধ পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে।
আহছানউল্লাহর প্রেমভাবনায় স্রষ্টাকে ভালোবাসা এবং তার সৃষ্টিকে ভালোবাসা পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। তার দর্শনে তাই প্রেম কেবল হৃদয়ের একান্ত অনুভূতি নয়; বরং তা মানুষের জীবনাচরণ, আত্মিক সাধনা ও মানবিক দায়িত্ববোধের সঙ্গে গভীরভাবে যুক্ত। স্রষ্টার প্রতি ভালোবাসার পূর্ণতা যেন সৃষ্টির প্রতি ভালোবাসার মধ্য দিয়েই প্রকাশিত হয়- আহছানউল্লাহর প্রেমভাবনার অন্যতম শিক্ষা এটাই।
লেখক: শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
(মতামত লেখকের সম্পূর্ণ নিজস্ব)
কেএমএএ/আপ্র/২৯.১১.২৬