গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

রিয়াল মাদ্রিদের জয়রথ থামিয়ে আলাভেসের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
রিয়াল মাদ্রিদের জয়রথ থামিয়ে আলাভেসের দারুণ জয়
ছবি

ছবি সংগৃহীত

ইতিবাচক শুরুর পর ডিন হাউসেনের মারাত্মক এক ভুলে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। বিরতির পর তাদের জালে আবার বল পাঠিয়ে দিল আলাভেস। কিলিয়ান এমবাপের গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, শেষ রক্ষা হলো না জুজে মরিনিয়োর দলের। 

 

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আলাভেস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম দলটির বিপক্ষে লিগে টানা ৯ হারের পর জয়ের দেখা পেল আলাভেস। ক্লাবটির ইতিহাসে বের্নাবেউয়ে স্রেফ দ্বিতীয় জয় এটি। 

 

আলাভেসের স্মরণীয় এই জয়ে গোল দুটি করেন তনি মার্তিনেস ও আনহেল পেরেস। শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। ৮৪তম মিনিটে বক্সের ভেতর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে জুড বেলিংহ্যাম পড়ে গেলে পেনাল্টির আবেদন করে রিয়াল এবং রেফারি তাতে সাড়াও দেন। 

তবে ভিএআরে মনিটরে দেখে তিনি আগের সিদ্ধান্ত পাল্টান এবং ‘ডাইভ’ দেওয়ার জন্য বেলিংহ্যামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। এই হারে পয়েন্টের হিসাবে আবার বার্সেলোনাকে ছুঁয়ে ফেলার সুযোগ হারাল রিয়াল। ১৪ ম্যাচে তৃতীয় হারে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা।

 


দিনের শুরুতে এলচেকে ৩-২ গোলে হারিয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে যায় আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে বার্সেলোনার পয়েন্ট ৩৬, একটি ম্যাচ কম খেলেছে শিরোপাধারীরা। ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল রেয়ালের। 

 

৭৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৪ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। আলাভেসের আট শটের দুটি লক্ষ্যে ছিল এবং তাতেই বাজিমাত করে সফরকারীরা। ম্যাচের শুরুটা ভালো করে রিয়াল। পঞ্চম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। 

বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে কাছ থেকে এমবাপের শট ঠেকান আলাভেস গোলরক্ষক সিভেরা। নবম মিনিটে গোল পেতে পারতেন শুরুর একাদশে ফেরা ভিনিসিউস জুনিয়র, কিন্তু বক্সে এমবাপের পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক। 

 

২২তম মিনিটে ভুলটা করে বসেন রিয়াল ডিফেন্ডার হাউসেন। প্রতিপক্ষের খেলোয়াড় সঙ্গে লেগে থাকায় বাঁ দিক থেকে গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাকপাস দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু তার দুর্বল সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে তিবো কোর্তোয়াকে কাটিয়ে শট নেন তনি মার্তিনেস। ইব্রাহিমা কোনাতে প্রথমে বলের গতি কমিয়ে দেন এবং শেষ মুহূর্তে স্লাইডে ফিরিয়েও দেন, কিন্তু ততক্ষণে গোললাইন পেরিয়ে যায় বল। 

 

৩৪তম মিনিটে ভালো একটি সুযোগ পান বেলিংহ্যাম। আর্দা গুল্যারের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত ইংলিশ মিডফিল্ডার ভলি এক ড্রপ খেয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়। ৪৩তম মিনিটে এমবাপের শট প্রতিপক্ষের গায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। 

 

পরের মিনিটে রেফারির প্রতি অসন্তোষ প্রকাশ করে হলুদ কার্ড দেখেন রিয়াল কোচ মরিনিয়ো। এরপর টেকনিক্যাল এরিয়ায় চতুর্থ রেফারির দিকে তিনি এমনভাবে তেড়ে যান যে, তার এক সহকারী তাকে থামান। 

 

শেষ পর্যন্ত রেয়ালের দুই খেলোয়াড় প্রায় জোর করেই তার হাত ধরে তাকে বেঞ্চের দিকে টেনে নিয়ে যান। দ্বিতীয়ার্ধের শুরুতে অহেলিয়া চুয়ামেনি ও ব্রাহিম দিয়াসের জায়গায় বের্নার্দো সিলভা ও ইয়ান ডিওমান্ডেকে নামান মরিনিয়ো। 

৫০তম মিনিটে চমৎকার শটে রেয়ালের জালে বল পাঠান আবদে রেবাচ, কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি। ৬১তম মিনিটে ঠিকই ২-০ গোলে এগিয়ে যায় আলাভেস। বক্সের বাইরে থেকে মারিয়ানো দিয়াসের লব পাস আনহেল পেরেস নিয়ন্ত্রণে নেওয়ার সময় কোর্তোয়া হাত ছুঁয়ে আটকে দেওয়ার পর, আবার বল পেয়ে কোনোমতে জালে পাঠান পেরেস।

 


৬৯তম মিনিটে ব্যবধান কমায় রিয়াল। তাদের ছোট করে নেওয়া কর্নারের পর ডিওমান্ডে এক ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন বেলিংহ্যামকে। এই মিডফিল্ডারের পাসে এমবাপের শট জটলার ভেতর প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ায়। 

 

এবারের লিগে ১৪ ম্যাচে ফরাসি তারকার গোল হলো ১৪টি। ১২ ম্যাচে ১৫ গোল নিয়ে চূড়ায় বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া। ৭২তম মিনিটে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন আলাভেস গোলরক্ষক ও রিয়াল ডিফেন্ডার কোনাতে। 

 

এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে বদলি নেমে ব্যবধান গড়ে দেওয়া কার্লোস এস্পি এবারও বদলি নেমে ৮৪তম মিনিটে গোল পেয়েই যাচ্ছিলেন প্রায়। কিন্তু রিয়াল ফরোয়ার্ডের হেড পোস্টে লাগে। 

 

এরপরই রেফারির পেনাল্টির সিদ্ধান্ত এবং পরে তা বদলে ফেলার ঘটনাটি। বাকি সময়ে আর কিছু করতে পারেনি রিয়াল। এই জয়ের পর ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে আলাভেস।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
২৯ নভেম্বর ২০২৬

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পর...

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
২৯ নভেম্বর ২০২৬

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্...

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি
২৯ নভেম্বর ২০২৬

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি

প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দ...

শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়
২৯ নভেম্বর ২০২৬

শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয়

রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস এক লড়াইয়ের সাক্ষী হলো আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। রান তাড়ায় শেষ দুই বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে