গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি সবার ওপরে নিয়ে গেছেন তিনি। 

 

উইকেটের পেছনেও রেখেছেন নির্ভরতার ছাপ। নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দীর্ঘ এই পথচলায় গড়েছেন এমন কিছু কীর্তি, যা বাংলাদেশের ক্রিকেটে তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানানোর পর মুশফিকের অর্জনের দিকে ফিরে তাকালে দেখা যায়, রেকর্ডের অনেকগুলো পাতাজুড়েই রয়েছে তার নাম। 

 

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক—দুই কীর্তিই তার দখলে। এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। বাংলাদেশের আর কোনো ক্রিকেটার তার ধারেকাছেও নেই। ৮৪ ম্যাচ নিয়ে তালিকার পরের অবস্থানে মুমিনুল হক। 

 

রান সংগ্রহেও সবার ওপরে মুশফিক। ৩৮.৮০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুলের সংগ্রহ ৫ হাজার ৩১২ রান।

 


সেঞ্চুরির হিসাবেও দেশের সেরা মুশফিক। টেস্টে তার শতকের সংখ্যা ১৪টি। ১৩টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরিও করেন মুশফিক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 

 

পরে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস উপহার দেন। সব মিলিয়ে তার ডাবল সেঞ্চুরি তিনটি, বাংলাদেশের আর কোনো ব্যাটারের একাধিক ডাবল সেঞ্চুরি নেই। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবেও মুশফিকের অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। 

টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা উইকেটরক্ষকদের মধ্যে একাধিকবার এই কীর্তি গড়েছেন কেবল তিনিই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির পর জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

 


অধিনায়ক হিসেবেও বাংলাদেশের টেস্ট ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মুশফিকের। ৩৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ জয় পেয়েছে সাতটি ম্যাচে, ড্র করেছে নয়টি। একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হারও সবচেয়ে কম। তবে অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যায় পরে তাকে ছাড়িয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর নেতৃত্বে বাংলাদেশের জয় নয়টি টেস্টে। 

 

ব্যক্তিগত মাইলফলককে স্মরণীয় করে রাখার নজিরও রয়েছে মুশফিকের। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলতে নেমে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। 

 

টেস্ট ইতিহাসে শততম ম্যাচে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার হন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। ৪৮৪ ম্যাচে তাঁর রান ১৬ হাজার ৩৫৭। 

ম্যাচ ও রান—দুই তালিকাতেই দেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তিনি। ৪৪৭ ম্যাচ নিয়ে দ্বিতীয় সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসাবে দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ১৫ হাজার ১৯২।


মুশফিকের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্ট। সেই ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রানের জুটি। 

 

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট পর্যন্ত এই সংস্করণে তাঁর পথচলা ২১ বছর ১৭৭ দিনের। টেস্ট ইতিহাসে ক্যারিয়ারের দৈর্ঘ্যের হিসাবে তার চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র ১৩ জন ক্রিকেটার। 

 

চলতি শতকে তার চেয়ে দীর্ঘ সময় টেস্ট খেলেছেন কেবল জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও গ্রায়েম ক্রেমার। এর বাইরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের দ্রুততম মাইলফলক ছুঁয়েছেন তিনি। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তিও তার। 

 

এ ছাড়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলেছেন ১০০টি টেস্ট এবং প্রথম বাংলাদেশি উইকেটকিপার হিসেবে এই সংস্করণে পূর্ণ করেছেন ১০০ ডিসমিসাল দীর্ঘ এই পথচলায় বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন মুশফিক। 

 

এবার টেস্টের সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্তে শেষ হতে যাচ্ছে তার বর্ণাঢ্য অধ্যায়ের একটি অংশ। তবে রেকর্ডের পাতায় তার নাম যে বহুদিন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে উচ্চারিত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন
২৯ নভেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন

টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানড...

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্ল...

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
২৯ নভেম্বর ২০২৬

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পর...

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি
২৯ নভেম্বর ২০২৬

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি

প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে