রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তাঁর দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দলের পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার প্রধান ছিলেন। গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছিলেন বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনে আরো বলা হয়, বিমানবন্দর থানার ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য তাঁরা লোকজন জড়ো করা ও অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্য আসামিদের ঘটনাস্থলে একত্রিত করার ষড়যন্ত্রে তাঁদের সম্পৃক্ততার বিষয়টিও প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আসামিদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শায়লা ফারজানার পাঁচ দিন এবং তাঁর দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহির্গামী সড়কে ফ্লাইওভারের ওপর থেকে চলন্ত মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা কচটেপের টুকরা জব্দ করে। ওই দিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখা জানায়, রোববার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তাঁর ভাই মো. রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুরে তাঁদের বর্তমান বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সানা/কেএমএএ/আপ্র/২৯/১১/২০২৭