কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। আগামী ১ ডিসেম্বর রাজধানীর চ্যানেল আইয়ে বসবে এই আয়োজনের ১৩তম আসর।
এবারের উৎসবে সংগীত পরিবেশন করবে ১২টি ব্যান্ড। আয়োজনে অংশ নিতে যাওয়া ব্যান্ডগুলো হলো- মেকালিং, উচ্চারণ, ফিডব্যাক, পার্থিব, শিরোনামহীন, নির্ঝর, সিম্ফনি, সিক্স, আভাস, আপেক্ষিক, পিজু ও ক্যাপ্টেন এবং পেন্টাগন।
১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। ‘ব্যান্ড ফেস্ট ২০২৬’ প্রযোজনা করছেন অনন্যা রুমা।
উল্লেখ্য, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রস্তাবে এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সম্মতিতে ২০১৪ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে চ্যানেল আই।
দেশের ব্যান্ড সংগীতকে উদযাপন এবং ব্যান্ড সংগীতশিল্পীদের এক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই শুরু হয়েছিল এই আয়োজন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আইয়ুব বাচ্চুকে স্মরণ করে বসছে ব্যান্ড সংগীতের এই উৎসব।
ডিসি/আপ্র/২৯/১১/২০২৬