গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

দ্বিমুখী নীতিতে ঐক্য সম্ভব নয়, জানালেন শফিকুর রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৪ এএম ২০২৬
দ্বিমুখী নীতিতে ঐক্য সম্ভব নয়, জানালেন শফিকুর রহমান
ছবি

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিকভাবে সহযোগিতা করবে। এর বাইরে কোনো ঐক্য বা সহযোগিতার সুযোগ নেই। সরকার দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে তাদের সঙ্গে ঐক্যের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার সাড়ে ১৫ বছর মজলুম ছিল। অনেকে মনে করতে পারেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দল পরিবর্তিত হয়েছে। কিন্তু তারা নির্বাচন নয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরদিন ৬ আগস্ট থেকেই সবকিছু ভুলে গেছে। আওয়ামী লীগের কায়দায় দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন গঠন ও রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে জাতিকে কষ্ট দিচ্ছে।

সরকারের একজন মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জুলাই সনদ নয়, বরং সরকারই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে। ওই মন্ত্রী সব মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতার সঙ্গে মতামত দেন, অথচ নিজের মন্ত্রণালয়ে তাঁর অবস্থান শূন্য। 
দেশের যুবসমাজ ব্যাপক পরিবর্তন চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় অংশ নেওয়া একটি জনগোষ্ঠীকে মানুষ দ্রুত ভুলে যাচ্ছে। তারা হলো মাদ্রাসার শিক্ষার্থী। আজ তাদের কোনো মূল্যায়ন নেই। ৯১ শতাংশ মুসলমানের দেশে এটি জাতির সঙ্গে নিষ্ঠুর পরিহাস।

প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, জাতীয় ঐক্য সরকারই নষ্ট করেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার এ দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা বা বৈঠকেরও প্রয়োজন হবে না।

জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনকারীদের সঙ্গে আঁতাত বন্ধ করে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। অথচ স্বৈরাচারের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে নিয়ে নিজ দলের কার্যালয় উদ্বোধন করা হচ্ছে।

তিনি বলেন, সরকার নিজেদের ক্ষমতা ও অবস্থান ঠিক রেখে সব অপকর্ম করবে, আর বিরোধী দল তাদের হয়ে চৌকিদার বা লাঠিয়ালের ভূমিকা পালন করবে - বিরোধী দল এত বোকা নয়। এ দ্বিমুখী নীতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় ঐক্যের প্রশ্ন আসে কীভাবে?

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের বিষয়ে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। সরকার বিপ্লবের পক্ষে অবস্থান নিলে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে সংলাপে অংশ নেবেন। আর শহীদদের রক্তের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার ও জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী। সভায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৯/১১/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগকে সামলাতে না পেরে ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ
২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে সামলাতে না পেরে ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন...

হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড
২৯ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাক...

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়
২৯ নভেম্বর ২০২৬

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলার কারণে মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স...

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি
২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে তৎপরতার আশঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে