গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি
ছবি

বিএনপি-জামায়াত-এনসিপির লোগো

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে তৎপরতার আশঙ্কাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অন্যতম মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইতোমধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে রয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন তাঁরা। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি। ওই সমাবেশ থেকে ডিসেম্বরজুড়ে দলের কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে সরকারের পক্ষ থেকেও বিরোধী দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এরই অংশ হিসেবে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। শিগগিরই জামায়াতসহ ১১ দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সরকারপ্রধানের।

সরকারে না থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে রাজপথে সক্রিয় রয়েছে জামায়াত ও এনসিপি। ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে একাধিক শোডাউন কর্মসূচি পালন করেছে দল দুটি। আগামী দিনগুলোতে জামায়াত ৪০ দিন এবং এনসিপি ৩৯ দিনের কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

দলগুলোর নেতারা জানিয়েছেন, রাজপথে নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি ডিসেম্বরের বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিও পালন করবেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে চায় না বিএনপি। কারণ, তিনি দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে অস্বাভাবিক হয়ে উঠতে পারে। এ কারণে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব কমাতে চায় সরকার। বিশেষ করে আওয়ামী লীগবিরোধী দলগুলোকে এক ছাতার নিচে আনতে আগ্রহী তারা।

অন্যদিকে জামায়াতের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপির কিছু কর্মকাণ্ডের সমালোচনা থাকলেও তাঁরা সরকারের অমঙ্গল চান না। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পাঁচ দাবিতে সোচ্চার থাকবে এনসিপি: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সভা-সমাবেশসহ ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। ইতোমধ্যে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ২৩ নভেম্বর চট্টগ্রাম, ২৪ নভেম্বর ঢাকা এবং ২৭ নভেম্বর গাজীপুরে বড় ধরনের শোডাউন করেছে দলটি।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে ধারাবাহিকভাবে আরো কর্মসূচি পালন করবে এনসিপি। এসব কর্মসূচিতে বক্তব্য দেবেন দলটির শীর্ষ নেতারা। সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ কর্মসূচির প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন দলটির একাধিক নেতা। তবে শুধু আওয়ামী লীগকে প্রতিহত করাই তাঁদের আন্দোলনের উদ্দেশ্য নয়।

গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তাঁরা আন্দোলন করতে চান না। বরং গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারতের বিষয়ে সরকার ভবিষ্যতে কীভাবে পদক্ষেপ নেবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন তাঁরা।

একই অবস্থানের কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তাঁরা সোচ্চার থাকবেন।

সরকারের পক্ষ থেকে এক মঞ্চে আসার আহ্বান জানানো হলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত জামায়াত: সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করলেও শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে রাজপথে সক্রিয় থাকার অবস্থান নিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। ডিসেম্বরকে সামনে রেখে দেশব্যাপী সভা-সমাবেশসহ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। পাশাপাশি ১১ দলীয় জোটের শরিকদের নিয়েও মাঠে থাকতে চায় তারা।

এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে ২১ নভেম্বর নাশকতার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত। ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকার বাইরে ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করার কর্মসূচি রয়েছে দলটির।

জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, এসব কর্মসূচির ধারাবাহিকতায় ডিসেম্বরেও নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। তাঁদের দাবি, গণহত্যাকারী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ জন্য এনসিপিসহ রাজপথে সক্রিয় অন্যান্য রাজনৈতিক শক্তিকেও পাশে চায় দলটি।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, আওয়ামী লীগকে প্রতিহত করার পাশাপাশি সরকারের ব্যর্থতা তুলে ধরেও আন্দোলন করার নির্দেশনা রয়েছে তাঁদের। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের অন্যান্য দলকে নিয়ে সরকার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান জানালে তাতে সাড়া দেওয়ার বিষয়ে দলীয় নেতৃত্বের ইতিবাচক মনোভাব রয়েছে।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, তাঁরা ইতোমধ্যে দলীয়ভাবে নাশকতার বিরুদ্ধে আন্দোলন করছেন। সামনে ১১ দলীয় জোটের শরিকদের নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকারের পক্ষ থেকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হলে সাড়া দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সরকার প্রস্তাব দিক, এরপর তাঁরা বিবেচনা করবেন। আপাতত ১১ দলীয় জোটের পক্ষ থেকেই সোচ্চার থাকতে চান তাঁরা।

বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি: আওয়ামী লীগকে প্রতিহত করার লক্ষ্যে প্রায় এক মাস ধরে রাজপথে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছে ক্ষমতাসীন বিএনপি। প্রায় প্রতিদিনই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে। একইভাবে দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও দলীয় কর্মসূচি চলছে।

বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সমাবেশ থেকেই ডিসেম্বরের জন্য বড় কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে তাঁর।

শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয়ের মাসসহ চলমান পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে আওয়ামী লীগকে বিশেষ বার্তা দিতে চায় দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছে। তাঁদের সহযোগিতা করছেন বিএনপির নেতাকর্মীরাও। তিনি আশা প্রকাশ করেন, মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী বড় কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তিও রাজপথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সানা/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর
২৮ নভেম্বর ২০২৬

ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা সীমান্তে...

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান
২৮ নভেম্বর ২০২৬

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও...

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট
২৭ নভেম্বর ২০২৬

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী জামায়াতে...

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার
২৭ নভেম্বর ২০২৬

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে