সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও ‘দোসরের লোকরা’ অবস্থান করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা সংবাদমাধ্যমে গুরুত্ব পেলেও এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা যথাযথভাবে প্রকাশিত হচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, “এই আগুন-সন্ত্রাস, রক্তপাত ও হত্যার মধ্যেও সরকার যে সহ্যক্ষমতা দেখাচ্ছেন এবং সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ও মানবাধিকারের নীতিমালাকে অনুসরণ করে যত সুন্দরভাবে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন, এইটা কিন্তু আমাদের গণমাধ্যমে ঠিক ওইভাবে প্রকাশ হচ্ছে না।”
তবে অতীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির পাশে দাঁড়ানো সাংবাদিকদের প্রশংসা করেন তিনি। রিজভী বলেন, বিএনপি নেতারা আত্মগোপনে থাকা অবস্থায়ও অনেক সাংবাদিক তাঁদের বক্তব্য প্রকাশ করেছেন। নিপীড়ন-নির্যাতনের মধ্যেও সাংবাদিকেরা তাঁদের কথা তুলে ধরার চেষ্টা করেছেন।
একই সঙ্গে গণমাধ্যমের ভেতরে ‘দোসররা ঘাপটি মেরে আছে’ অভিযোগ করে তিনি বলেন, “নানাভাবেই এই সরকারের ভালো কাজ, এই সরকারের প্রো-পিপল কাজ সেটাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।”
পোশাকশিল্পের সংবাদ নিয়ে প্রশ্ন: পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করেন রিজভী। এসব সংবাদের তথ্যসূত্র জানতে চেয়ে তিনি বলেন, “আপনারা দেখবেন যে এই আন্দোলনে, শ্রমিক আন্দোলনে আমাদের কী বলে, এক্সপোর্ট চলে যাচ্ছে অন্য দেশে। আপনারা এর তথ্য কোথায়? কীসের কোথা থেকে? এই ধরনের প্রচারণা তো ঠিক নয়।”
শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছে এবং তাঁদের ন্যায্য পাওনা নিয়ে কথা বলেছে। পাশাপাশি ন্যূনতম মজুরির একটি সীমাও নির্ধারণ করেছে।
এরপরও দেশের ব্যবসা অন্য দেশে চলে যাচ্ছে বলে যেসব খবর প্রকাশিত হচ্ছে, সেগুলোকে সরকারের বিরুদ্ধে ‘পরিকল্পিত প্রচারণা’ বলে অভিযোগ করেন তিনি। তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিজভী বলেন, কোনো জাতিকে যেন খাটো করা না হয়; দেশের অঙ্গীকারগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে, তা গণমাধ্যমে তুলে ধরতে হবে।
গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ যত বেশি প্রকাশিত হবে এবং গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। তবে অপপ্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
দেশ অস্থিতিশীল করার অভিযোগ: দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, গণতন্ত্র ও ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও হত্যার রাজনীতি থেকে সরে আসেনি।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এসব হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে - এমন চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ ধরনের খবর প্রচার হচ্ছে দাবি করে তিনি বলেন, পাশের দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো দেশের অস্থিতিশীলতায় ইন্ধন দিচ্ছে।
সংবাদ সম্মেলনে বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, ওই দিন দুপুর ১২টার মধ্যে নেতা-কর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হতে হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে।
রিজভী বলেন, বিজয় দিবস তাঁদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬