তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আমদানি অবকাঠামো নির্মাণের ফলে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ওঠানামার কারণে এ আমদানি ব্যয় সাতশ কোটি থেকে ২৫৮০ কোটি ডলারের মধ্যে থাকতে পারে।
‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় জীবাশ্ম জ্বালানিনির্ভর নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯০০ কোটি এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার তৈরি এ মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদনে ২০২৭ সালের পূর্বাভাসের ভিত্তিতে বলা হয়েছে, এলএনজির গড় দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এ ব্যয় সাত বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। ফলে জ্বালানি আমদানিতে বাংলাদেশের ব্যয় আন্তর্জাতিক বাজারের দামের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়বে।
প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া জ্বালানি রূপান্তরবিষয়ক পরিচালক মুনিরা চৌধুরী বলেন, জাপানি কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠী বাংলাদেশকে বিপজ্জনকভাবে এলএনজিনির্ভর করে তুলছে। এর ফলে লাখ লাখ মানুষের জীবন এবং নিরাপদ জলবায়ু হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে এবং অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মুনিরা চৌধুরীর ভাষ্য, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য শুধু বিদ্যুৎ খাতেই নয়, দেশের উৎপাদনশীল শিল্পের ওপরও চাপ সৃষ্টি করছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দূষণ ও জলবায়ু ঝুঁকি আরো বাড়ানোর পরিবর্তে সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানো উচিত। জাপানের জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো কোম্পানিগুলোর এ ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এমআইডিআইয়ের আওতায় প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এই নিঃসরণের পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি। এর ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে। পাশাপাশি বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাবে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, এমআইডিআই মহাপরিকল্পনার আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০০০ কোটি ডলার বিনিয়োগ করা হলে বাংলাদেশ বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে দেশের তৈরি পোশাকশিল্পেও।
তিনি বলেন, পুরোনো জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামোয় বিনিয়োগ না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো। পাশাপাশি ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহায়তা করা প্রয়োজন।
প্রতিবেদনে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি জোরদারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশের শিল্প খাতের নেতারাও নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং শিল্পকারখানায় বিদ্যুতের ব্যবহার বাড়াতে ইউনিক্লোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সহযোগিতা চাইছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। অথচ এসব সম্ভাবনা কাজে লাগানোর তুলনায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনাই বেশি গুরুত্ব পাচ্ছে।
সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর এবং যন্ত্রাংশ আমদানিতে শূন্য শুল্কের সুবিধা দেওয়া হয়েছে।
মুনিরা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বাতাস। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দূষণ ও জলবায়ু ঝুঁকি আরো বাড়ানোর প্রয়োজন নেই।
প্রতিবেদনে মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণও তুলে ধরা হয়েছে। জাপানের সহায়তায় নির্মিত ১২০০ মেগাওয়াট সক্ষমতার এ প্রকল্পে প্রায় ৬০০ কোটি ডলার ব্যয় হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, নদীর ক্ষতি, দূষণ, ঋণের বোঝা ও দুর্নীতির অভিযোগের বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের সময় ২০ হাজারের বেশি লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদক জীবিকা হারিয়েছেন।
সামগ্রিকভাবে প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্বিবেচনা এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬