বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বজনেরা ফ্রিজিং ভ্যানে করে তূর্যের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান। কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বন্দি মাকে শেষবারের মতো ছেলের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বের হন স্বজনেরা।
সন্তানের মরদেহ নিয়ে কারাগারে যাওয়ার সময় শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু শোক প্রকাশ করে বলেন, “আমার সব শেষ হয়ে গেলো গো ভাই। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকবো।”
শাহাদাৎ হোসেন জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে নিস্বর্গ হোসেন তূর্য জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন। জন্মের পর থেকে তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন কাজকর্ম মূলত মায়ের হাতেই চলত। গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শারমিন গ্রেফতার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করছিল না। মায়ের ফেরার অপেক্ষায় থাকা অবস্থায় শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে জানান বাবা শাহাদাৎ হোসেন।
তিনি অভিযোগ করেন, আটকের আগে তার স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। ছেলের মৃত্যুর পর স্ত্রীকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্যই তারা মরদেহ নিয়ে কারাগারে যান।
শারমিনের ছোট বোন শাম্মীও তার বোনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন। কারাগার থেকে বের হয়ে তিনি বলেন, “আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। মায়ের অভাবে তার সন্তানটা মারা গেলো। মাত্র পাঁচ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে। এগুলো অমানবিক। কিছুতেই মানতে পারছি না।”
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শারমিনের ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
জেল সুপার বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে আসেনি। তবে তার স্বামী কারাফটকে বন্দি মাকে মৃত সন্তানের মুখ দেখানোর জন্য আবেদন করেন। পরে ঊর্ধ্বতন কারা কর্মকর্তা, গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়ে তাদের অনুমতি সাপেক্ষে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াও জানান, শারমিনের প্যারোলে মুক্তির কোনো আবেদন তিনি পাননি।
যে মামলায় কারাগারে শারমিন: শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা। তিনি ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ৪ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শারমিনের অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ওই মামলার এজাহারে শারমিনের নাম সরাসরি ছিল না। আগে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে যুক্ত করা হয়। লালবাগ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদও জানিয়েছিলেন, থানায় আগে থেকে থাকা একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পরদিন আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে রয়েছেন।
সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬