সীমান্তের ওপারে কে কী করছে, তা জানেন না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত রয়েছে, কারো হাড় ভেঙেছে। তাঁদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কারো কারো দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের চাকরিতে যোগদানের শুরু থেকেই সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তাঁরা মজলুম ভাই-বোনদের ওপর আঘাত করেননি। এ বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর বার্তা জানতে চাইলে মন্ত্রী বলেন, বাহিনীগুলো সবসময় প্রস্তুত থাকে। তাদের কাজই হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। দেশে যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে - এমনটি বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কারো কারো কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। তাঁরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।
তিনি আরো বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তবে তাঁরা সফল হবেন না বলে তাঁর ধারণা। সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা দেশের দু-একটি জায়গায় হয়তো মিছিল করেছে বলে তিনি শুনেছেন। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬