বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি এসব সমাধিতে শ্রদ্ধা জানান।
শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের একটি সংবাদমাধ্যম এবং পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
লাহোরে আল্লামা ইকবালের সমাধিতে ফুলের তোড়া ও চাদর অর্পণ করেন স্পিকার। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং দর্শনার্থী বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরে করাচিতে কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে যান স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে তারা ফাতেহা পাঠ ও ফুলের তোড়া অর্পণ করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্যরাও দর্শনার্থী বইয়ে নিজেদের মন্তব্য লেখেন।
এর আগে শুক্রবার করাচি বিমানবন্দরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহর পক্ষে প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় প্রাদেশিক পরিষদের সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন তারা।
ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে শুক্রবার করাচিতে পৌঁছায় প্রতিনিধিদলটি। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।
এসব বৈঠকে সংসদীয়, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা। সফরটির মূল লক্ষ্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেওয়া।
সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬