দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাঁদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না। এ পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন ও বিশ্ব কিডনি জোট আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।
তিনি বলেন, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং চিকিৎসা প্রযুক্তিবিদদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ - এই তিনটি রোগের সব ধরনের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন ও বিশ্ব কিডনি জোটের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
সানা/ডিসি/আপ্র/২৮/১১/২০২৬