দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে দুজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। সেই হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
চলতি বছরও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্বও বাড়ছে। তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
সানা/কেএমএএ/আপ্র/২৮/১১/২০২৬