গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান
ছবি

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শুক্রবার সন্ধ্যায় ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের আমির বলেন, গণ-অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার এবং বক্তব্য এক ছিল। কিন্তু ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন। গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ক্ষমতাসীন দল গণভোটকে অস্বীকার করায় সংকট তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, একদিকে সংকট তৈরি করা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন করা হচ্ছে। এ কারণে ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার চেষ্টা করছে। তবে যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে দেবে না।

গণ-অভ্যুত্থানের পর অর্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির প্রস্তাবের বিনিময়ে কেউ কেউ ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তাঁর মতে, এটি গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের সঙ্গে প্রতারণার শামিল।

ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা অস্থির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। শান্তি, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন। তবে কাজ এখনো শেষ হয়নি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে তাঁদের আরও অবদান রাখতে হবে।

শফিকুর রহমান বলেন, দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। যাঁরা ছাত্রজীবন শেষ করেছেন, তাঁদেরও এ কাজে যুক্ত হওয়া উচিত।

ধর্মীয় পরিচয়ে বিভাজনের বিরোধিতা: অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক সংসদে সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিরোধীদলীয় নেতা হিসেবে তাঁর অবস্থান জানতে চান।

জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমার ডিকশনারিতে কোনো সংখ্যালঘু নাই।...তার ধর্ম কী হবে, এটা সে সিলেক্ট করবে। হু অ্যাম আই টু ইমপোজ মাই রিলিজিয়ন আপন হিম। আমার কোনো অধিকার নাই আরেকজনের ওপরে আমার ধর্ম চাপিয়ে দেওয়ার।’

তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু ও সংখ্যালঘু নির্ধারণ করা হলে চামড়ার রং, মুখের ভাষাসহ আরও অনেক বিষয় সামনে আসবে। একটি দেশ ও সমাজ এভাবে বিভক্ত হয়ে গেলে তা টেকসই হবে না। সবার ধর্মীয় অধিকারের পাশাপাশি নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এস এম খালিদুজ্জামান ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব আলম সালেহী এবং ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ।
সানা/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট
২৭ নভেম্বর ২০২৬

সংলাপের ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট: বৈঠকের পর জামায়াত জোট

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী জামায়াতে...

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার
২৭ নভেম্বর ২০২৬

গণভোটের রায় মানলেই জাতীয় ঐক্য হবে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে মন...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০
২৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের পর ছাত্রলীগের মিছিল; আটক ২০

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লেখার মাত্র...

গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী
২৭ নভেম্বর ২০২৬

গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ায় ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী

বারবার হোঁচট খাওয়ার কারণেই বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে