দীর্ঘ আট বছর পর আজ শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি কমিটি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটি - এই তিন স্তরে ভোট দেবেন ১ লাখ ৪৫ জন শ্রমিক। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম।
মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। প্রতিটি চা বাগানকে একটি করে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নির্বাচন কমিশনের সদস্য ও শ্রমকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসেন জানান, ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনি সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিন স্তরে ভোট, প্রার্থী প্রায় সাত হাজার: এবারের নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি পৃথক প্যানেলে ভোট দেবেন। একটি ভোট কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচনে, দ্বিতীয়টি সংশ্লিষ্ট ভ্যালি কমিটির নেতৃত্ব নির্বাচনে এবং তৃতীয়টি নিজ কর্মস্থল ও বসবাসের চা বাগানের পঞ্চায়েত কমিটি নির্বাচনে দিতে হবে।
নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে ভোটারদের আগ্রহ বেশি।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং আমু চা বাগানের মুকেশ কর্মকার।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্যানেলে থাকবেন সভাপতি, কার্যকরী সভাপতি, সংরক্ষিত মহিলা সহসভাপতি ও সাধারণ সহসভাপতি। সাধারণ সম্পাদক প্যানেলে থাকবেন সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা সম্পাদক ও অর্থ সম্পাদক। এ ছাড়া সাতটি ভ্যালি থেকে নির্বাচিত ২২ জন সদস্য যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। সব মিলিয়ে কমিটির সদস্যসংখ্যা ৩০।
সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে ২৩০টি চা বাগানের পঞ্চায়েত নির্বাচনে বাগানভেদে দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল রয়েছে। এসব কমিটির সদস্যসংখ্যা ১১, ১৩ কিংবা ১৫ জন।
আট বছর পর নির্বাচনে ফিরছেন শ্রমিকেরা: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর আবারও নিজেদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা শ্রমিকেরা।
এবারের নির্বাচনে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি ১৩৫টি চা বাগানে ভোট হচ্ছে। এ জেলায় ভোটার ৬০ হাজার ৪৯২ জন।
নির্বাচনে ব্যয় ৭৫ লাখ টাকা: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, শ্রমিকদের কাছ থেকে আদায় করা মাসিক ১৫ টাকা চাঁদার চার শতাংশ নির্বাচনি ব্যয়ের জন্য সংরক্ষণ করা হয়। ওই তহবিল থেকে নির্বাচন আয়োজনের জন্য শ্রম অধিদপ্তরে ২৫ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বাকি অর্থ সরকার সহায়তা করছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, নির্বাচন আয়োজনের জন্য সরকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরো ২৫ লাখ টাকা। নির্বাচিত প্রতিনিধিরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তাঁরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও চুক্তির মাধ্যমে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটিতে একজন উপপরিদর্শক ও তিনজন কনস্টেবল দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্যরাও থাকবেন। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রত্যেক বুথে দুজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
পঞ্চগড়ের শ্রমিকেরা ভোটার নন: জাতীয় তথ্য বাতায়নে চা বোর্ডের তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় ১০টি বড় চা বাগান রয়েছে। এসব বাগানের বাইরেও অনেক ব্যক্তি নিজস্ব জমিতে চা চাষ করেন। তবে পঞ্চগড়ের চা শ্রমিকেরা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনের ভোটার নন।
শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসেন বলেন, পঞ্চগড়ের শ্রমিকেরা মূলত এ ইউনিয়নের অন্তর্ভুক্ত নন। ইউনিয়নের সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। চা বাগানে কাজ করা কিংবা বাগানে বসবাস করলেই কেউ ভোটার হন না। কেবল ইউনিয়নের নিয়মিত সদস্যরাই ভোট দিতে পারবেন। এ জন্য প্রত্যেক সদস্যকে মাসে ১৫ টাকা করে চাঁদা দিতে হয়। যারা নিয়মিত চাঁদা দিয়েছেন, তাঁরাই ভোটার হয়েছেন।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী। কমিশনের অন্য ১১ সদস্যও শ্রম অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পাঁচ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের পাঁচ কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চা বাগান অধ্যুষিত ২০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাত ভ্যালির নেতৃত্ব যেভাবে: চা শ্রমিক ইউনিয়নের অধীনে সাতটি ভ্যালি রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান নিয়ে গঠিত বালিশিরা ভ্যালি। এখানে শ্রমিকসংখ্যা বেশি হওয়ায় সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক - চারটি পদ রয়েছে।
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার চা বাগান নিয়ে জুড়ী ভ্যালি। কুলাউড়া উপজেলার বাগান নিয়ে লংলা ভ্যালি, মৌলভীবাজার সদর ও কমলগঞ্জের বাগান নিয়ে মনু-ধলাই ভ্যালি এবং হবিগঞ্জের চুনারুঘাটের বাগান নিয়ে লস্করপুর ভ্যালি গঠিত। এ ছাড়া সিলেট সদর ও গোয়াইনঘাটের বাগান নিয়ে সিলেট ভ্যালি এবং চট্টগ্রাম বিভাগের চা বাগান নিয়ে চট্টগ্রাম ভ্যালি গঠিত।
বালিশিরা ভ্যালি ছাড়া বাকি ছয়টি ভ্যালির প্রতিটিতে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক - তিনটি করে পদ রয়েছে।
চা বাগানের ঐতিহ্য পঞ্চায়েত ব্যবস্থা: চা বাগানের শ্রমিক সমাজে পঞ্চায়েত ব্যবস্থা দীর্ঘদিনের ঐতিহ্য। ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার আগ থেকেই পারিবারিক বিরোধ, বিবাহ-বিচ্ছেদ, সামাজিক অনিয়মসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শ্রমিক নেতাদের ভাষ্য, ১৯৪৮ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর পঞ্চায়েত ব্যবস্থাও ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। বর্তমানে বাগানের সামাজিক ও স্থানীয় বিভিন্ন সমস্যা পঞ্চায়েতের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। বড় কোনো সমস্যা হলে ট্রেড ইউনিয়নও এতে যুক্ত হয়।
তবে পঞ্চায়েত রাষ্ট্রীয় বিচারব্যবস্থার বিকল্প নয়। ফৌজদারি অপরাধ বা দণ্ডবিধির আওতাভুক্ত কোনো ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রবীণ শ্রমিক নেতা রাজেন্দ্র বুনার্জী বলেন, চা বাগানে পঞ্চায়েত ব্যবস্থা ট্রেড ইউনিয়নেরও আগের। তাঁদের পূর্বপুরুষেরা ভারত থেকে এ দেশে আসার সময় নিজেদের সামাজিক সমস্যা সমাধানের এই ঐতিহ্য সঙ্গে নিয়ে এসেছিলেন। পরে চা বাগানের সামাজিক জীবনের অংশ হিসেবে তা প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার পর শ্রমিকদের অধিকার ও কর্মসংক্রান্ত বড় বিষয়গুলো ইউনিয়নের মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তবে সামাজিক ও স্থানীয় নানা বিষয়ে এখনো পঞ্চায়েতের ভূমিকা রয়েছে। চা বাগানের মানুষের সামাজিক কাঠামো ও ঐতিহ্যের সঙ্গে এ ব্যবস্থা গভীরভাবে যুক্ত।
বাগানভেদে পঞ্চায়েত কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে ১৫ জন। এবারের নির্বাচনেও প্যানেলভিত্তিক ভোট হচ্ছে। ১৫ সদস্যের কমিটির জন্য ১৫ জন প্রার্থী মিলে একটি প্যানেল গঠন করেছেন। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৩০টি বাগানে পঞ্চায়েতের প্রায় ৬০০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। কোনো কোনো বাগানে প্যানেলের সংখ্যা পাঁচটি পর্যন্ত।
চা শ্রমিক ইউনিয়নের দীর্ঘ পথচলা: প্রবীণ শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৪৮ সালের ৩ জুন মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রথম কমিটির সভাপতি ছিলেন পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত, সহসভাপতি জীবন সাঁওতাল, সাধারণ সম্পাদক নিকুঞ্জ বিহারী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক দুর্গেশ চন্দ্র দেব। কমিটিতে সুহাসিনী দাশ ও নিকুঞ্জ বিহারী গোস্বামীও ছিলেন।
তখন ইউনিয়নের কার্যালয় ছিল কুলাউড়া শহরের উত্তর দিকে জুড়ী-বড়লেখা সড়কের রেলক্রসিংয়ের পাশে। ‘কর্মী ভবন’ নামে পরিচিত ওই কার্যালয়ের নিবন্ধন নম্বর ছিল ই/বি-৭৭।
এর ১১ বছর পর ইউনিয়নের নেতৃত্বে আসেন আলীজান সরদার ও মো. সোলেমান। আলীজান সরদার সভাপতি এবং মো. সোলেমান সাধারণ সম্পাদক হন। তাঁদের কমিটি কার্যালয়ের নাম পরিবর্তন করে ‘ইউনিটি হাউজ’ রাখে।
দায়িত্ব গ্রহণের আট বছর পর আন্তর্জাতিক শ্রম সংস্থার পক্ষ থেকে কমিটিকে একটি গাড়ি উপহার দেওয়া হয়। ওই গাড়ি নিয়ে সাধারণ সম্পাদক মো. সোলেমানের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর ইউনিয়নের কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দেয় এবং একপর্যায়ে তা স্থবির হয়ে পড়ে।
পরবর্তী সময়ে ষাটের দশকে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেন সুরেন্দ্রনাথ বুনার্জীসহ কয়েকজন শ্রমিক নেতা। তাঁরা সিলেটে অবস্থিত সামরিক আইন প্রশাসকের কার্যালয়ে গিয়ে অনুমতি চাইলে নতুন কমিটি গঠনের অনুমোদন পান। পরে শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগানে রজনী তন্তবাইয়ের বাড়িতে শ্রমিক নেতারা বৈঠক করেন।
সেখানে শিক্ষিত একজন চা শ্রমিককে নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চা শ্রমিক সন্তান হিসেবে পরিচিত রাজেন্দ্র প্রসাদ বুনার্জীর নাম প্রস্তাব করা হয়। তিনি তখন আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ময়মনসিংহের সরিষাবাড়ী শ্রমকল্যাণ কেন্দ্রে সংগঠক হিসেবে চাকরি করছিলেন। চাকরি ছেড়ে ১৯৬৯ সালে তিনি চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব গ্রহণ করেন।
এর ৩৭ বছর পর ২০০৬ সালে ইউনিয়নের নেতৃত্বে আসে বর্তমান ‘সংগ্রাম কমিটি’। ২০০৮ সালে রাজেন্দ্র প্রসাদ বুনার্জীর নেতৃত্বে লেবার হাউজ পুনরুদ্ধার করা হলেও তাঁরা বেশিদিন সেটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি।
এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ‘সংগ্রাম কমিটি’। এ কমিটির সভাপতি নির্বাচিত হন মাকন লাল কর্মকার এবং সাধারণ সম্পাদক হন রামভজন কৈরী। ২০১৮ সালের নির্বাচনের কিছুদিন পর রামভজন কৈরী পদত্যাগ করলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নিপেন পাল। পরে সভাপতি মাকন লাল কর্মকার অসুস্থ হলে তাঁর দায়িত্ব পালন করেন সহসভাপতি পঙ্কজ কন্দ। পরবর্তী সময়ে মাকন লাল কর্মকার মারা যান।
সানা/আপ্র/২৮/১১/২০২৬