বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের লাখ লাখ নারী ও কিশোরী অরক্ষিত অবস্থায় রয়েছেন। এসব দেশে সঙ্গীর হাতে নারীদের সহিংসতার শিকার হওয়ার হার বৈশ্বিক গড়ের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি। সম্প্রতি দক্ষিণ এশিয়ার নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণার তথ্যের বরাতে শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১০০টিরও বেশি দেশ বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনো বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে কার্যকর আইনি সুরক্ষা নেই। বিশ্বের প্রায় তিন ডজন দেশে এখনো বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃত নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটানে এটি অপরাধ হিসেবে গণ্য হলেও শাস্তির বিধান তুলনামূলকভাবে লঘু। একমাত্র মালদ্বীপে বৈবাহিক ধর্ষণের জন্য অন্য ধর্ষণের সমান শাস্তির বিধান রয়েছে।
নারী অধিকারকর্মীদের মতে, দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনি ব্যতিক্রমের শিকড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে প্রণীত আইনে নিহিত। বৈশ্বিক নারী অধিকার সংস্থা ‘ইকুয়ালিটি নাও’-এর রঞ্জিতা সিলওয়াল বলেছেন, এ অঞ্চলের বৈবাহিক ধর্ষণসংক্রান্ত আইনগুলোর মূল ভিত্তি ঔপনিবেশিক আমলের।
ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে প্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে ধর্ষণের সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীর জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও আইনি দায়বদ্ধতার ব্যতিক্রম তৈরি হয়েছে।
অধিকারকর্মীরা এ ধরনের আইনকে সেকেলে ও বৈষম্যমূলক বলে মনে করেন। তাঁদের বক্তব্য, বিবাহিত বা অবিবাহিত - যে পরিচয়ই হোক না কেন, সম্মতি ছাড়া জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ। বিশেষজ্ঞদের মতে, বৈবাহিক যৌন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক ও যৌনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
আফগানিস্তানে পরিস্থিতি আরো উদ্বেগজনক
গবেষণায় আফগানিস্তানের পরিস্থিতিকে বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে তুলে ধরা হয়েছে। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে নারীদের সুরক্ষাব্যবস্থা ক্রমাগত সংকুচিত হয়েছে। রঞ্জিতা সিলওয়ালের ভাষ্য অনুযায়ী, গত জানুয়ারিতে প্রবর্তিত নতুন দণ্ডবিধি পরিস্থিতিকে আরো শোচনীয় করেছে। এই বিধান অনুযায়ী, কোনো স্বামী স্ত্রীর হাড় ভেঙে দিলে, শরীরে খোলা ক্ষত সৃষ্টি করলে কিংবা গুরুতর জখম করলে কেবল তখনই তাঁর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে বিচার করা যাবে। দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে।
নতুন দণ্ডবিধিতে বৈবাহিক ধর্ষণের কোনো উল্লেখ নেই। বরং সহিংসতার শাস্তিযোগ্যতার এমন সীমিত সংজ্ঞা নারীদের আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ আরো সংকুচিত করেছে।
রঞ্জিতা সিলওয়াল বলেন, আফগানিস্তানে বিয়ের মধ্যেই নারীর যৌন সম্মতি নিহিত রয়েছে - এমন ধারণা প্রচলিত। অর্থাৎ বিয়ের পর যৌন সম্পর্কের ক্ষেত্রে নারীর সম্মতির প্রয়োজনীয়তা আর থাকে না বলে মনে করা হয়। তাঁর মতে, এ ধরনের ধারণা নারীদের সম্পত্তি হিসেবে বিবেচনা করার এবং সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতার গভীর প্রভাবেরই বহিঃপ্রকাশ।
ভারতে সুপ্রিম কোর্টে ১০টি আবেদন বিচারাধীন
ভারতে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে করা ১০টি আবেদন দেশটির সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এসব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা। দেশটির বিভিন্ন আদালত এ বিষয়ে অতীতে পরস্পরবিরোধী রায় দিয়েছেন। কোনো কোনো বিচারক বিদ্যমান আইনকে সেকেলে উল্লেখ করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করতে সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বছর এক নারীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলেও আদালত তাঁকে খালাস দিলে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ওই নারীকে নৃশংসভাবে ধর্ষণের পর তাঁর মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ভারত সরকার, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও পুরুষ অধিকারকর্মীরা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছেন। তাঁদের যুক্তি, এ ধরনের অপরাধের আইনি স্বীকৃতি দেওয়া হলে তা অতিরিক্ত কঠোর হয়ে উঠতে পারে।
এদিকে পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের আইনি ব্যতিক্রম বাতিল করলেও উচ্চ আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে বিষয়টি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। সাম্প্রতিক একটি উচ্চ আদালতের রায়েও স্বামীদের বিরুদ্ধে অসম্মতিমূলক যৌন সম্পর্কের অভিযোগে দায়বদ্ধতার ক্ষেত্রে বিস্তৃত আইনি ছাড়ের বিষয়টি উঠে এসেছে।
বাংলাদেশেও আইনি ব্যতিক্রমের বিরুদ্ধে দাবি
বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোও বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে প্রচলিত আইনি ব্যতিক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, এই ব্যতিক্রম সংবিধানে স্বীকৃত জীবনের অধিকার, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন ও নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকারের পরিপন্থী।
রঞ্জিতা সিলওয়াল বলেন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধীরা মনে করেন, এতে পারিবারিক কাঠামো দুর্বল হবে এবং পরিবার ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়া এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের আশঙ্কার কথাও তাঁরা তুলে ধরেন।
তবে শুধু আইন পরিবর্তন করলেই ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত হবে না বলে মনে করেন এই অধিকারকর্মী। উদাহরণ হিসেবে তিনি ভুটানের কথা উল্লেখ করেন। দেশটিতে বৈবাহিক ধর্ষণ অপরাধ হলেও এটিকে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে শাস্তি মাত্র এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড।
অন্যদিকে নেপালে সাধারণ ধর্ষণের শাস্তি ছয় থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হলেও স্ত্রীকে ধর্ষণের দায়ে স্বামীর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর। ফলে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অপরাধের গুরুত্ব অনুযায়ী সমান ও কার্যকর শাস্তির বিধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। সূত্র: বিবিসি
সানা/আপ্র/২৮/১১/২০২৬