ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপি মূল্যের ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে এসব মূল্যবান অলংকার দান করেন তাঁরা।
বর্ধমান ও রাধিকা জৈন আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমের পুরোহিত ও প্রতিনিধিদের হাতে অলংকারগুলো তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে হীরাখচিত স্বর্ণের গয়নাও রয়েছে। মন্দিরের ইতিহাসে এটিকে অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরকে ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করা একটি ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই দম্পতি এমন উদ্যোগ নিয়েছেন। ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
নাইডু জানান, দম্পতি তাঁকে বলেছেন, দৈব অনুপ্রেরণা থেকেই তাঁরা এই দান করেছেন। এ সময় তিনি শ্রী কৃষ্ণদেবরায়, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা শাসকদের অবদানের কথা স্মরণ করেন। যুগে যুগে ভক্ত ও শাসকদের অবদানে তিরুপতি মন্দির সমৃদ্ধ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজের জীবনের একটি বিপজ্জনক অভিজ্ঞতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আলিপিরি বোমা হামলা থেকে তিনি প্রাণে বেঁচে ফিরেছিলেন। ভগবান ভেঙ্কটেশ্বর তাঁকে নতুন জীবন দিয়েছেন এবং দেবতার আশীর্বাদেই তিনি রক্ষা পেয়েছেন বলে বিশ্বাস করেন তিনি।
এ ছাড়া তিরুমালা তিরুপতি দেবস্থানমের সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে পাঁচ হাজার মন্দির নির্মাণ এবং ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের কথাও উল্লেখ করেন নাইডু। বিত্তবানদের ওই দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানব সেবাই মাধব সেবা। এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সম্পদ সমাজকল্যাণ এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/২৭/১১/২০২৬