পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে জ্বালানি আমদানির কার্যক্রম সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পরিকল্পনা ছিল। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরো ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এ আমদানি কার্যক্রমের সমাপ্তি ঘটলো।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এদিকে জ্বালানি আমদানি শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। প্রথম পর্যায়ের পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ অপেক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।
প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম পরীক্ষা করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরুর কথা রয়েছে। এ সময় শেষে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সাময়িক হস্তান্তর প্রক্রিয়ায় প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।
দুটি ইউনিটের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি শেষ হওয়ায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। এখন কারিগরি পরীক্ষা ও পরীক্ষামূলক পরিচালনা শেষে পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়ার অপেক্ষা।
সানা/আপ্র/২৭/১১/২০২৬