এস এ খান শিল্টু: মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আমদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কালাম শেখ। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। স্বজন ও দলীয় নেতাদের অভিযোগ, আইসিইউ বেড ও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
কালাম শেখ সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। স্বজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির চেষ্টা করা হয়। এ সময় আইসিইউ ওয়ার্ডে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসান রিপনের বাকবিতণ্ডা হয়।
অ্যাডভোকেট কামরুল হাসানের অভিযোগ, সকালে আইসিইউতে শয্যা না পাওয়ায় রোগীকে পুরুষ ওয়ার্ডে রাখা হয়েছিল। রাতে পর্যাপ্ত অক্সিজেন ও উন্নত চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়। রোগীকে আইসিইউতে ভর্তির অনুরোধ জানাতে কয়েকবার চিকিৎসকের কাছে গেলে তিনি অসৌজন্যমূলক মন্তব্য করেন। এ থেকেই বাকবিতণ্ডার সূত্রপাত।
অন্যদিকে, চিকিৎসকের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। রোগীকে আইসিইউতে ভর্তি করানো নিয়ে চাপ সৃষ্টি, গালিগালাজ, রাজনৈতিক প্রভাব খাটানো এবং কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে।
কালাম শেখের মৃত্যুর পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। মৃত নেতার এক আত্মীয় বলেন, “রোগীর অবস্থা যে ভালো না, তা আমরা জানি; তবুও সান্ত্বনা পাওয়ার মতো ন্যূনতম চিকিৎসা ও আন্তরিকতা তো দেওয়া যেত।”
এ বিষয়ে বক্তব্য জানতে সকালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সানা/আপ্র/২৭/১১/২০২৬