গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

উলবাচিয়া ব্যাকটেরিয়ায় ডেঙ্গু কমলো প্রায় ৬৯ শতাংশ

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:২০ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৬ এএম ২০২৬
উলবাচিয়া ব্যাকটেরিয়ায় ডেঙ্গু কমলো প্রায় ৬৯ শতাংশ
ছবি

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলো হরিজন্তে শহরে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়

কীটনাশক, ধোঁয়া কিংবা প্রচলিত মশা নিধন কার্যক্রম ছাড়াই ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ব্রাজিল। মশার শরীরে বিশেষ ধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ প্রায় ৬৯ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ শতাংশের বেশি কমানোর প্রমাণ পেয়েছেন দেশটির বিজ্ঞানীরা। হাজার হাজার শিশুর ওপর পরিচালিত গবেষণায় পাওয়া এ ফল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলো হরিজন্তে শহরে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। এতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং দেশটির জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা অংশ নেন। গবেষণার ফল যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত গ্রীষ্মমণ্ডলীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক আমেরিকান সোসাইটির সম্মেলনে উপস্থাপন করা হয়।

গবেষণায় এডিস ইজিপ্টি প্রজাতির মশার শরীরে ‘উলবাচিয়া’ নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়। পরে এসব মশা বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। ব্যাকটেরিয়াটি মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও হলুদ জ্বরের মতো রোগের ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করে। পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির পোকামাকড়ের শরীরে স্বাভাবিকভাবে উলবাচিয়া পাওয়া গেলেও ডেঙ্গু ছড়ানো এডিস ইজিপ্টি মশার শরীরে এটি থাকে না।

শিশুদের ওপর গবেষণায় সাফল্য: গবেষণায় দৈবচয়ন পদ্ধতিতে পাঁচ হাজার ৭০০ শিশুকে নির্বাচন করে তাদের ডেঙ্গু সংক্রমণ পরীক্ষা করা হয়। এর মধ্যে কেউ উলবাচিয়াবাহী মশা ছাড়া হয়েছে এমন এলাকায় বসবাস করত, আবার কেউ ছিল প্রচলিত কীটনাশক ও স্প্রে ব্যবহারের আওতাধীন এলাকায়। উপসর্গযুক্ত রোগীর পাশাপাশি উপসর্গ ছাড়াই সংক্রমিত শিশুদেরও পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।

ফলাফলে দেখা যায়, উলবাচিয়াবাহী মশা ছাড়া হয়েছে এমন এলাকায় শিশুদের রক্ত পরীক্ষার মাত্র ৪ শতাংশ ক্ষেত্রে ডেঙ্গু শনাক্ত হয়েছে। অন্যদিকে, এই মশা ছাড়া হয়নি এমন এলাকায় সংক্রমণের হার ছিল ১৪ শতাংশ। সামগ্রিক হিসাবে ডেঙ্গু সংক্রমণ কমেছে ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়া কমেছে ৭৩ দশমিক ৩ শতাংশ। গবেষণার সময় শহরটিতে ইতিহাসের ভয়াবহতম ডেঙ্গু প্রাদুর্ভাব চললেও এ সাফল্য পাওয়া যায়।

ব্রাজিলে বিশ্বের মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় ১০ শতাংশ ঘটে। ফলে দেশটির এ গবেষণা আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে। গবেষণায় সরাসরি যুক্ত না থাকা যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার ফলাফলকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আরো ব্যাপকভাবে এ পদ্ধতি প্রয়োগ করা গেলে বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।

আগেও প্রয়োগ হয়েছে এ পদ্ধতি: বিশ্ব মশা কর্মসূচি নামের আন্তর্জাতিক উদ্যোগ দীর্ঘদিন ধরে উলবাচিয়া পদ্ধতিতে কাজ করছে। ২০০৫-২০০৬ সালের দিকে শুরু হওয়া এ কার্যক্রম কলম্বিয়ার আবুরা উপত্যকা ও ব্রাজিলের নিতেরোইসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ লাখ মানুষ এ কর্মসূচির আওতায় এসেছে। প্রায় ১০ লাখ মানুষের ওপর পরিচালিত পর্যবেক্ষণে ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ ৯২ শতাংশ পর্যন্ত কমার প্রমাণ পাওয়া গেছে।

এ পদ্ধতির বড় সুবিধা হলো, উলবাচিয়াবাহী মশা প্রকৃতিতে বংশবিস্তার করতে পারে। ফলে একবার কোনো এলাকায় ব্যাকটেরিয়াটি প্রতিষ্ঠিত হলে পরবর্তী প্রজন্মের মশার মধ্যেও তা ছড়িয়ে পড়তে পারে। কোথাও পূর্ণবয়স্ক মশা ছেড়ে, আবার কোথাও খাবারের প্যাকেটের সঙ্গে মশার ডিম সরবরাহ করে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, সিঙ্গাপুরে ২০১৬ সাল থেকে উলবাচিয়া ব্যবহার করে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পৃথক পদ্ধতি চালু রয়েছে। সেখানে ব্যাকটেরিয়াবাহী পুরুষ মশা ছেড়ে দেওয়া হয়। এসব মশার সঙ্গে স্থানীয় স্ত্রী মশার মিলনে সাধারণত ডিম থেকে বাচ্চা ফোটে না। ফলে মশার সংখ্যা কমে আসে।

মশাকে রোগ প্রতিরোধের মাধ্যম হিসেবেও ব্যবহারের গবেষণা চলছে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র ও র‌্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়ার টিকা দেওয়ার পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে কাজ করেন। বিশেষভাবে পরিবর্তিত ও দুর্বল করা ম্যালেরিয়ার জীবাণু মশার শরীরে প্রবেশ করিয়ে মানুষের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় করার চেষ্টা করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি দলের প্রায় ৮০ শতাংশের শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল। তবে মাত্র ২০ জনের ওপর পরীক্ষা হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকদের ২৬ জনের ওপর চালানো একই ধরনের পরীক্ষায় কার্যকারিতা পাওয়া যায় ৫০ শতাংশ। এ ছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা লিশম্যানিয়াসিস প্রতিরোধেও মশা ব্যবহারের পরীক্ষা চালান।

বিজ্ঞানীদের এসব গবেষণায় রোগ নিয়ন্ত্রণে মশার প্রযুক্তিগত ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হলেও দীর্ঘমেয়াদি কার্যকারিতা, পরিবেশগত প্রভাব ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো গবেষণা প্রয়োজন। সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিবেদন
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি
২৭ নভেম্বর ২০২৬

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘আর্টেক্স’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের গুরুত্বপূর্...

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে
২৫ নভেম্বর ২০২৬

জীবনের সিদ্ধান্তেও কিশোরদের নির্ভরতা বাড়ছে এআই চ্যাটবটে

পড়াশোনা, ব্যক্তিগত আগ্রহ থেকে শুরু করে জীবনের নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্...

অ্যারির সিনেমা ক্যামেরা প্রযুক্তিতে অনারের নতুন ফোন
২৫ নভেম্বর ২০২৬

অ্যারির সিনেমা ক্যামেরা প্রযুক্তিতে অনারের নতুন ফোন

স্মার্টফোনে হলিউডের সিনেমার মতো ভিডিও ধারণের অভিজ্ঞতা দিতে জার্মানির বিখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাত...

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি
২৫ নভেম্বর ২০২৬

মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

মুঠোফোন ও ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবার মান, সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহকদের প্রশ্ন, মতামত ও পরাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে