শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে চোখে রড ঢুকিয়ে অমৃত দাশ (স্বর্ণকার) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশী রাশেদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মন্নিয়ার চরের খাটিয়ামারী বাজারে এ ঘটনা ঘটে। নিহত অমৃত দাশ একই এলাকার অমল দাশের ছেলে। তিনি সেখানে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অমৃত দাশের সঙ্গে রাশেদ নামের ওই যুবকের আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে আজ সকালে অমৃতের স্বর্ণের দোকানে গিয়ে তাঁর চোখে রড ঢুকিয়ে গুরুতর আহত করেন রাশেদ বলে অভিযোগ স্থানীয়দের। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত রাশেদকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬