রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৪৬, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং বিশেষায়িত রিজার্ভ ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেফতার করেছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯ হাজার ১৫৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি বাস এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করার কথা জানিয়েছে ডিএমপি।
সানা/আপ্র/২৭/১১/২০২৬