স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘আর্টেক্স’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। মানুষের সামান্য সহায়তায়, এমনকি অনেক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ ছাড়াই টুলটি নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করে কয়েক মিনিটের মধ্যে হামলা চালাতে সক্ষম। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের প্রযুক্তির সহজলভ্যতা বিশ্বজুড়ে সাইবার অপরাধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপর সাইবার হামলায় আর্টেক্সের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংঘটিত হামলার সঙ্গেও টুলটির যোগসূত্র থাকার কথা জানা গেছে। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গোপন তথ্য অনুসন্ধান, সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, তা যাচাই করতে এটি ব্যবহার করা হয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ‘অটাম-২৭’ নামের এক ব্যবহারকারী চীনা ভাষার নির্দেশনাসংবলিত টুলটি সফটওয়্যার নির্মাতাদের অনলাইন মঞ্চ গিটহাবে প্রকাশ করেন। পরে আলোচনায় আসার পর এটি সেখান থেকে সরিয়ে নেওয়া হলেও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইনফ্রাওয়াচের তথ্য অনুযায়ী, বর্তমানে সফটওয়্যারটির ১৩০টিরও বেশি সংস্করণ পাওয়া যাচ্ছে।
আর্টেক্সের মতো প্রযুক্তিকে স্বয়ংক্রিয় আক্রমণ পরিচালনাকারী কাঠামো বলা হয়। এগুলো একদিকে বিভিন্ন ব্যবস্থার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করে, অন্যদিকে সেই দুর্বলতা কাজে লাগিয়ে অনলাইন সেবায় অনুপ্রবেশের পথ তৈরি করে। ফলে তুলনামূলক কম অভিজ্ঞ ব্যক্তির পক্ষেও সাইবার হামলা চালানো সহজ হচ্ছে।
একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের সমন্বিত কার্যক্রম: আর্টেক্সে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট একসঙ্গে কাজ করে। ব্যবহারকারী প্রথমে হামলার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে দিলে টুলটি নিজেই বিভিন্ন এজেন্টকে কাজে লাগায়। তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে লক্ষ্য নির্ধারণ, সেখানে প্রবেশের কৌশল তৈরি এবং পর্যায়ক্রমে আক্রমণ পরিচালনা করে। অভিযান শেষে সংগৃহীত তথ্য ও ফলাফলও ব্যবহারকারীকে জানায়।
মাইক্রোসফটের পর্যবেক্ষণ অনুযায়ী, টুলটির কার্যকারিতা নির্ভর করে ব্যবহারের ধরন এবং লক্ষ্য প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার ওপর। কোনো প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পর্যবেক্ষণ শুরু করে নিরাপত্তাব্যূহ ভেদ করে গুরুত্বপূর্ণ প্রবেশাধিকার অর্জন পর্যন্ত মাত্র কয়েক মিনিট লাগতে পারে।
আর্টেক্সের আরেকটি বিপজ্জনক বৈশিষ্ট্য হলো, এটি কোনো একটি নির্দিষ্ট বৃহৎ ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন উন্নত ও উন্মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে এর এজেন্টগুলো পরিচালনা করা যায়। এমনকি নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল বা সরিয়ে দেওয়া মডেলও এতে যুক্ত করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী একটি মডেল থেকে অন্য মডেলে যাওয়ার সুবিধা থাকায় কোনো একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাবিধি দিয়ে এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা কঠিন।
তবে বিশেষজ্ঞদের মতে, আর্টেক্স নিজে নতুন কোনো সাইবার হামলার কৌশল উদ্ভাবন করে না। বরং আগে থেকেই প্রচলিত আক্রমণপদ্ধতি ও প্রযুক্তিকে একত্র করে দ্রুত প্রয়োগ করতে পারে। এর প্রধান বিপজ্জনক দিক হলো হামলার গতি, ব্যাপকতা এবং তুলনামূলক কম দক্ষতা ও ব্যয়ে বড় ধরনের আক্রমণ পরিচালনার সুযোগ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাবেক সাইবার বিশেষ এজেন্ট ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা শন উইলিয়ামস বর্তমানে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ানে কর্মরত। তাঁর মতে, আর্টেক্সের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত টুল সাইবার অপরাধীদের আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত, কার্যকর ও কম খরচে ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের দুর্বলতা খুঁজে বের করে কাজে লাগানোর সক্ষমতা বাড়িয়ে দিয়েছে।
হামলা শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ: আর্টেক্সের হামলা শনাক্ত করা নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে উঠতে পারে। কারণ, এটি মূলত প্রচলিত আক্রমণপদ্ধতি ব্যবহার করে। ফলে এর কার্যক্রম অনেক সময় সাধারণ সাইবার হামলার মতো মনে হতে পারে। তবে মাইক্রোসফটের পর্যবেক্ষণ বলছে, অল্প সময়ে কোনো ওয়েবসাইট বা ব্যবস্থায় বিপুলসংখ্যক অনুরোধ পাঠানো, একই কৌশলে বারবার চেষ্টা করা এবং দ্রুত নতুন আক্রমণপথ অনুসন্ধানের মতো আচরণ থেকে এর উপস্থিতি শনাক্ত করা সম্ভব।
মাইক্রোসফটের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাও আর্টেক্সের অপব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এ ধরনের হামলার লক্ষ্য হয়েছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা জোরদার, নিয়মিত দুর্বলতা পরীক্ষা এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ এখন অত্যন্ত জরুরি।
সূত্র: মাইক্রোসফট, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সানা/আপ্র/২৭/১১/২০২৬