একেএম ফজলুল হক: জাল ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ ও গির্জার ভুয়া সমাধি সনদ তৈরি করে চট্টগ্রাম নগরের আলকরণ এলাকায় প্রায় শতকোটি টাকা মূল্যের সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাৎ এবং হস্তান্তরের চেষ্টার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী এলবার্ট সরকার। অন্য আসামিদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক কর্মচারী ও একজন আইনজীবী রয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন। এর আগে ২৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয়।
মামলার অন্য আসামিরা হলেন চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমানে সংস্থাপন শাখার উচ্চমান সহকারী মোহাম্মদ মনজুর আলম, আইনজীবী মোহাম্মদ ছোলায়মান ওরফে অ্যাডভোকেট ছোলায়মান এমরান, চাঁদপুরের মো. শামসুল আলম রানা এবং কক্সবাজারের চকরিয়ার সুকান্ত কাসারী।
দুদকের এজাহার ও অনুসন্ধান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, উনিশ শতকের শেষভাগে ইজিক্যাল নামের একটি ইহুদি পরিবার চট্টগ্রাম নগরের জিপিওর সামনে আলকরণ এলাকায় গুড়িবাজার ও কর্নাট মৌজায় তিনটি পৃথক প্লটে ভবন নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করত। এসব জমির মূল মালিক ডেভিড ইজিক্যাল ১৯৩৫ সালের মার্চে পরিবারসহ ভারতবর্ষ ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। এরপর তিনি আর ভারত কিংবা বাংলাদেশে ফেরেননি। পরিবারের সদস্যরা দেশত্যাগ করায় তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার জমিগুলো শত্রু সম্পত্তি এবং স্বাধীনতার পর বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত করে।
অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে এলবার্ট সরকারকে ডেভিড ইজিক্যালের নাতি ও একমাত্র ওয়ারিশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ জন্য চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড এবং ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরের কার্যালয়ের নামে জাল ওয়ারিশ ও মৃত্যু সনদ তৈরি করা হয়। পাশাপাশি পাথরঘাটার ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি গির্জার নামে ডেভিড ইজিক্যালের কথিত সমাধি সনদও তৈরি করা হয়।
এসব নথি ব্যবহার করে ২০১৩ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে সাতটি মামলা করা হয়। ওই মামলাগুলোতে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর এলবার্ট সরকারের পক্ষে রায় ও ডিক্রি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আপিল করলে ২০২২ সালের ৩১ অক্টোবর ও ৬ নভেম্বর আপিল ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। এ সময় চসিকের ৩২ নম্বর ওয়ার্ডের তৎকালীন সচিব মনজুর আলম সরকারি কর্মচারী হয়েও জাল সনদগুলো সঠিক বলে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন বলে দুদকের এজাহারে অভিযোগ করা হয়েছে।
রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫ সালের ৫ মার্চ জেলা প্রশাসন দীর্ঘদিনের লিজগ্রহীতাদের উচ্ছেদ করে এলবার্ট সরকারকে ৬১ দশমিক ১৯ শতক জমির দখল বুঝিয়ে দেয়। একই বছরের ৩ জুন তাঁর নামে ২৫-৯১৫ নম্বর নামজারি খতিয়ান তৈরি করা হয়।
দুদকের অনুসন্ধানে জমির পরিমাণের হিসাবও স্পষ্ট হয়েছে। গুড়িবাজার মৌজার ৫১ দশমিক ৮১ শতক এবং কর্নাট মৌজার ৯ দশমিক ৩৮ শতক - মোট ৬১ দশমিক ১৯ শতক জমির দখল এলবার্ট সরকার পেয়েছেন বলে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এর বাইরে কর্নাট মৌজার আরো ৭ দশমিক ৯৪ শতক জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ রয়েছে। ওই সম্পত্তি নিয়ে করা পৃথক মামলায় এলবার্ট সরকারের পক্ষে রায় হলেও রাষ্ট্রপক্ষের আপিল এখনো বিচারাধীন। সব মিলিয়ে অভিযোগের আওতায় থাকা জমির পরিমাণ ৬৯ দশমিক ১৩ শতক।
দুদকের অনুসন্ধানে যুক্তরাজ্যের সরকারি নথি সংগ্রহ করে দেখা যায়, ডেভিড ইজিক্যাল ১৯৪৬ সালের ১২ নভেম্বর ৬১ বছর বয়সে লন্ডনে মারা যান এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়। অথচ আদালতে দাখিল করা কথিত সমাধি সনদে উল্লেখ করা হয়, ওই বছরের ১৫ জুন চট্টগ্রামের একটি ক্যাথলিক গির্জায় তাঁকে সমাহিত করা হয়েছিল। অর্থাৎ যুক্তরাজ্যের নথিতে তাঁর মৃত্যুর যে তারিখ রয়েছে, কথিত সমাধি সনদে তার প্রায় পাঁচ মাস আগেই তাঁকে সমাহিত করার কথা বলা হয়েছে।
এলবার্ট সরকারের বংশপরিচয় নিয়েও জালিয়াতির তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানে তাঁর বাবা-মা হিসেবে চাঁদপুরের গোপাল সরকার ও ময়মনসিংহের সুপ্রীতি লতা সরকারের পরিচয় পাওয়া যায়। তাঁর সৎমা কনক সরকার জীবিত থাকলেও তাঁকে ডেভিড ইজিক্যালের মেয়ে এবং এলবার্টের মৃত মা হিসেবে দেখিয়ে নথি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।
চসিকের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী এবং ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ সংশ্লিষ্ট ওয়ারিশ ও মৃত্যু সনদ তাঁদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি বলে প্রত্যয়ন দিয়েছেন। গির্জার ফাদার রিগ্যান ক্লেমেন্ট ডি’কস্তাও লিখিতভাবে জানিয়েছেন, ডেভিড ইজিক্যালের কথিত সমাধি সনদটি সঠিক নয় এবং গির্জার নিবন্ধন বইয়ে তাঁকে সমাহিত করার কোনো তথ্য নেই।
সম্পত্তি হস্তান্তরের উদ্যোগের অংশ হিসেবে ২০২৪ সালে দুটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনের তথ্য পেয়েছে দুদক। এর মাধ্যমে ৫১ দশমিক ৮১ শতক জমি হস্তান্তরের ক্ষমতা সুকান্ত কাসারী, শামসুল আলম রানা ও আইনজীবী ছোলায়মানকে এবং ৯ দশমিক ৩৮ শতক জমি হস্তান্তরের ক্ষমতা সুকান্ত কাসারীকে দেওয়া হয়। একটি দলিলে ৩ কোটি ২০ লাখ টাকার কাল্পনিক পণমূল্য দেখানোর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এসব দলিল ২০২৫ সালে জমির দখল ও নামজারি পাওয়ার আগেই করা হয়েছিল।
২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি মোহাম্মদ এরফান ইসমাঈলী ও মো. সিকান্দার জামালের করা জনস্বার্থমূলক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশের ভিত্তিতে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন এবং লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের মাধ্যমে নথি সংগ্রহ করে সংস্থাটি।
আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার, সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১২০বি ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে এলবার্ট সরকার ও তাঁর নিকটাত্মীয়দের ডিএনএ পরীক্ষাও করা হতে পারে বলে জানিয়েছে দুদক।
সানা/আপ্র/২৯/১১/২০২৭