গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগকে সামলাতে না পেরে ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৪ এএম ২০২৬
আওয়ামী লীগকে সামলাতে না পেরে ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ
ছবি

রোববার রাজশাহীতে এনসিপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগকে সামাল দিতে না পেরে বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এমন অবস্থান নিয়েছে দলটি। গত আট মাস এবং ৫ আগস্টের পর জাতীয় ঐক্যের কথা কোথায় ছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি জাতীয় ঐক্য ও জাতীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে জনগণের কাছে বিএনপির আস্থা কমেছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিচার এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে এনসিপি। গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু, ১৬ বছরের গুম-খুন এবং তিনটি বিতর্কিত নির্বাচনের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু গত দুই বছরে সেই বিচার নিশ্চিত করা হয়নি।

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পানিসম্পদমন্ত্রী ভারতের কাছে চিঠি পাঠিয়েও উত্তর পাননি বলে জানিয়েছেন। নাহিদ ইসলামের অভিযোগ, ভারত পদ্মার পানির ন্যায্য হিস্যা থেকে রাজশাহী অঞ্চলের মানুষকে বঞ্চিত করে এ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে। তিস্তার পানি প্রবাহ কমিয়ে উত্তরবঙ্গকে ক্ষতিগ্রস্ত করার মতো একই পরিকল্পনা রাজশাহী অঞ্চলকে ঘিরেও নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, বিজেপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা-সমাবেশ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, এবারের লড়াই সীমান্ত সুরক্ষা, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং গণতন্ত্র রক্ষার লড়াই।

বিএনপি সরকার দেশের সার্বভৌমত্ব ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আহ্বান জানান।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন সারজিসের: সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র ও দেশীয় অস্ত্রের বিষয় এড়িয়ে গিয়ে সেগুলোকে ‘লগি-বইঠা’ বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে।

সারজিস আলম আরো বলেন, যারা স্বৈরাচারের পক্ষে জনমত তৈরি করবেন, ভারতের পক্ষে অবস্থান নেবেন এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন, তাদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে। আওয়ামী লীগ আবারো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করবে এনসিপি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, রাজশাহী অঞ্চল ও বাংলাদেশকে মরুভূমিতে পরিণত হতে দেওয়া হবে না। গঙ্গা চুক্তির মাধ্যমে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশের আগে নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান ও জেলার সদস্যসচিব নাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী এবং জেলার আহ্বায়ক এম এ সবুর।
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

দ্বিমুখী নীতিতে ঐক্য সম্ভব নয়, জানালেন শফিকুর রহমান
২৯ নভেম্বর ২০২৬

দ্বিমুখী নীতিতে ঐক্য সম্ভব নয়, জানালেন শফিকুর রহমান

সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে বিরোধী দল আন্তরিকভাবে সহযোগিতা করবে। এর বাইরে ক...

হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড
২৯ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাক...

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়
২৯ নভেম্বর ২০২৬

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলার কারণে মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স...

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি
২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে তৎপরতার আশঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে