গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দুই দেশের জন্যই গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের চিঠির জবাব দেবে বলে আশা করছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তি করা হবে - এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান চুক্তিটি অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এ জন্য চুক্তিটি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী সরকার।
তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। দুই দেশের জন্য গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত ভালোভাবেই জানে। এ বিষয়ে দরকষাকষির প্রয়োজন নেই; বরং আলোচনার টেবিলে বসে বিষয়টির সমাধান করা প্রয়োজন।
শামা ওবায়েদ বলেন, দুই দেশ এখনো আলোচনায় বসেনি। বৈঠক হলে চুক্তি নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তি হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে। তবে বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায়। নতুন চুক্তির প্রয়োজনীয়তা এখনো তৈরি হয়নি।
চলতি বছরের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের বৈঠক হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানেরা বৈঠকে বসবেন এবং সব সমস্যার সমাধান হবে।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য দণ্ডিত ও পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পাঠানো চিঠিগুলোর অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে।
তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব বলে মনে করেন তিনি। শামা ওবায়েদ বলেন, হাদি হত্যার আসামিদের বাংলাদেশের মাটিতে বিচার নিশ্চিত করতে তাঁদের ফিরিয়ে আনা প্রয়োজন। একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফেরত আনা দরকার। এ প্রক্রিয়া আরো এগিয়ে নিতে এবং দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ার রাজনৈতিক অস্থিরতায় আনোয়ারের ঢাকা সফর বাতিল: মালয়েশিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখ ছিল। তবে দেশটিতে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা চলছে। বাংলাদেশ সফরের পর তাঁর থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই কারণ দেখিয়ে সফর বাতিলের বিষয়টি বাংলাদেশকে জানিয়েছে।
এর আগে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে আনোয়ার ইব্রাহিমের ঢাকায় আসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর হওয়ার কথা ছিল।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে গত ২৩ নভেম্বর সরকার এক আদেশে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরের সময় আনোয়ার ইব্রাহিমকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে গত জুনে মালয়েশিয়া যান। ওই সফরেই তিনি আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সানা/আপ্র/২৯/১১/২০২৭