কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার (২৯ নভেম্বর) সারাদিন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে সংঘর্ষ, তিতাসে থানায় হট্টগোল, বাগেরহাটের মোল্লাহাটে ধাওয়া-পাল্টাধাওয়া এবং চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
সবচেয়ে প্রাণঘাতী ঘটনা ঘটে রোববার ভোরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা নিহত হন। স্থানীয় সূত্রে ইব্রাহিমকে যুবলীগের কর্মী এবং নিজামউদ্দিনকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হয়েছে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও শব্দবোমা নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সকাল ছয়টা থেকে প্রায় তিন ঘণ্টা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনাটি দুই পক্ষের অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব থেকেও হয়ে থাকতে পারে; বিষয়টি তদন্ত করা হচ্ছে।
হামলায় নিহত ইব্রাহিম সিপাহী -ছবি সংগৃহীত
এর আগের সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে, চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় শনিবার রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে দুটি আসন পুড়ে গেলেও কেউ হতাহত হননি। রেলকর্মীরা পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নেত্রকোনার পূর্বধলায় শনিবার রাত ১০টা থেকে রোববার রাত দুইটা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আগুনে ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে যায়। এর সূত্রপাত পুটিকা বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিরোধ এবং যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলার ঘটনাকে ঘিরে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অগ্নিকাণ্ডের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন ওরফে শাকু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
হামলায় নিহত নিজামউদ্দিন মৃধা -ছবি সংগৃহীত
মাদারীপুর শহরে রোববার দুপুরে সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মালিকানাধীন হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল ও একটি বাণিজ্যিক ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হোটেলের সামনে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একটি গাড়িও ভাঙচুর করা হয়। যুবদল নেতা কামাল সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল থেকে এ হামলার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।
পটুয়াখালীর মহিপুরে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মহিবুল্লাহ পাটোয়ারীর বাড়িতে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, হামলাকারীরা স্বর্ণালংকার, শিক্ষাগত সনদ ও জমির দলিল নিয়ে গেছে এবং তাঁকে ও তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে মারধর করেছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাড়িতে হামলার কথা স্বীকার করলেও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কয়েকটি যানবাহন ভাঙচুরের পর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ জন; চৌদ্দগ্রামের ঘটনায় গ্রেফতার হয়েছেন নয়জন।
অন্যদিকে, কুমিল্লার তিতাসে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি গিয়াস উদ্দিন সরকারকে গ্রেফতারের পর তাঁকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন জামায়াতের নেতা-কর্মীরা। এ নিয়ে থানায় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে জামায়াত ও পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
এসব ঘটনার প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন যোগাযোগও বিপর্যস্ত হয়েছে। পদ্মা সেতু ও গোপালগঞ্জের কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বাস চলাচল কমিয়ে দেন পরিবহন মালিকেরা। রোববার গোপালগঞ্জ এড়িয়ে যশোর-আরিচা-পাটুরিয়া পথে ১৯টি রুটে বাস চললেও বিকল্প পথ না থাকায় ১৮টি রুটে চলাচল বন্ধ ছিল।
পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন দায়িত্ব পালন করছে। আরো চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারিও জোরদার করা হয়েছে।
সানা/আপ্র/২৯/১১/২০২৭