চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের বৃহত্তম উভচর বিমান এজি৬০০ খুনলোং। সোমবার (৫ অক্টোবর) এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এ তথ্য নিশ্চিত করেছে।
গত চার মাস ধরে বিমানটি সংশ্লিষ্ট অঞ্চলে আকাশপথে জরুরি সেবা এবং দাবানল প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত ছিল। এ সময়ে এজি৬০০ মোট ৩৫টি বন টহল ফ্লাইট পরিচালনা করেছে। এতে ১০০ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন এবং প্রায় ৩৯০ টন পানি বর্ষণের রেকর্ড হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে বিমানটি ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রেটার খিনকান পর্বতমালা এলাকায় আয়োজিত বন আগুনের মহড়ায় অংশ নেয়। সেখানে আকাশ ও ভূমির সমন্বিত প্রচেষ্টায় গাছের চূড়ায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণসহ জটিল ও তীব্র অগ্নিনির্বাপণ অভিযান সফলভাবে পরিচালনা করে বিমানটি।
স্বল্প উচ্চতা ও কম গতিতে ওড়ার সক্ষমতা, বিপুল পরিমাণ পানি ধারণের ক্ষমতা এবং উন্নত কৌশলগত চালচলনের কারণে বনাঞ্চলের জটিল পরিবেশে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আগুন নেভানোর ক্ষেত্রে এজি৬০০ তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। সূত্র: সিএমজি
সানা/ডিসি/আপ্র/৫/১০/২০২৬