বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের হায়দ্রাবাদের ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ। তবে ব্যবসার পরিকল্পনার চেয়েও চ্যাটজিপিটির সঙ্গে তার বিনয়ী আচরণই নেটিজেনদের বেশি আকৃষ্ট করেছে।
সম্প্রতি এক বিমানযাত্রায় পাশের আসনে বসা এক যাত্রী লক্ষ্য করেন, ভিবিআর প্রসাদ গভীর মনোযোগ দিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলছেন এবং ‘ভার্টিক্যাল ফার্মিং’ বা উল্লম্ব কৃষিভিত্তিক ব্যবসার পরিকল্পনা তৈরি করছেন। চ্যাটজিপিটির দেওয়া প্রতিটি পরামর্শের জবাবে প্রসাদ তাকে সম্মান জানিয়ে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন।
তার একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। চ্যাটজিপিটিকে লেখা ওই বার্তায় প্রসাদ বলেন, চমৎকার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার। আমাকে ফাইল দুটি ডাউনলোড করতে দিন, স্যার।
টেকনোসোর নামের এক্স অ্যাকাউন্টের এক ব্যবহারকারী বিমানে প্রসাদের সেই মুহূর্তের একটি ছবি ও কথোপকথনের বিবরণ প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পর দ্রুত তা লাখ লাখ মানুষের নজরে আসে এবং ইন্টারনেটে প্রসাদের প্রশংসা শুরু হয়। পোস্টদাতা জানান, পুরো যাত্রাপথে প্রসাদ অত্যন্ত মনোযোগী ছিলেন এবং পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
প্রবীণ বয়সেও নতুন প্রযুক্তিকে সহজভাবে গ্রহণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রসাদের প্রশংসা করছেন। একই সঙ্গে অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি কখনো পৃথিবী নিয়ন্ত্রণও করে, প্রসাদের এই মার্জিত ও বিনয়ী আচরণের কারণে তিনি নিরাপদ থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভিবিআর প্রসাদ নিজেও এক্সে প্রতিক্রিয়া জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/২/১০/২০২৬