৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী এই মুকুট জিতলেন। তিনি একাধারে মডেল ও পেশায় মনোবিজ্ঞানী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। বাংলাদেশ সময় তখন বুধবার ভোর ৬টা। প্রতিযোগিতায় প্রথমে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে ৩০ জনকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে জাতীয় পোশাক, প্রাথমিক বিচার ও অন্যান্য পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিযোগীদের যাচাই করা হয়। সেমিফাইনালের ৩০ জনকে বাছাইয়ের পর সাঁতারের পোশাক পর্বে তাঁদের মধ্য থেকে সেরা ১২ জন নির্বাচন করা হয়। এরপর সান্ধ্যপোশাক পরে মঞ্চে পদচারণার মাধ্যমে চূড়ান্ত পাঁচ প্রতিযোগী নির্ধারণ করা হয়।
শেষ ধাপে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পুয়ের্তো রিকো, ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা। বিচারকদের প্রশ্নের উত্তর ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হন জেনিফার বারেতো। প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। চূড়ান্ত পাঁচে ছিলেন ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরাও।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির অংশগ্রহণ নিয়েও ছিল আলোচনা। চূড়ান্ত পর্ব শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে এগিয়ে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম ভোটে তাঁকে ছাড়িয়ে যান। দর্শক ভোটের মাধ্যমে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন দালিয়া। ফলে সেরা ৩০-এর তালিকায় জায়গা হয়নি মাহির।
ভিসা জটিলতার কারণে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র ও নেপালসহ কয়েকটি দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিযোগিতায় মোট ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি অংশ নেওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
২৭ বছর বয়সী জেনিফার বারেতো বিবাহিত এবং সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা। তাঁর স্বামী ইয়ান কার্লোস ব্যারেটো ক্যালডেরন মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট। মডেলিংয়ের পাশাপাশি তিনি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী হিসেবেও পরিচিত। মনোবিজ্ঞান ও সমাজকর্মে উচ্চশিক্ষা রয়েছে তাঁর।
জেনিফারের এই বিজয়ের মধ্য দিয়ে পুয়ের্তো রিকো ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট অর্জন করল। এর আগে সর্বশেষ ২০০৬ সালে দেশটির প্রতিনিধি জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। দীর্ঘ ২০ বছর পর আবারো মিস ইউনিভার্সের মুকুট পেল দেশটি।
সানা/আপ্র/২৬/১১/২০২৬