এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত আসনের তুলনায় কয়েক গুণ বেশি ভর্তি ফরম বিক্রি করে অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভর্তির মৌসুমকে কেন্দ্র করে ফরম বিক্রির নামে বাণিজ্য চলছে বলে অভিযোগ অভিভাবকদের। তাঁদের দাবি, শিক্ষার মান নিয়ে হতাশা থাকলেও এসব প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় এবং শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কয়েকটি পরিচিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিটি শাখার আসনসংখ্যা নির্দিষ্ট থাকলেও ভর্তির মৌসুমে তা অভিভাবকদের কাছে স্পষ্ট করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, ১২০টি আসনের বিপরীতে কোনো কোনো প্রতিষ্ঠান ৩০০ থেকে ৪০০টি পর্যন্ত ভর্তি ফরম বিক্রি করছে। আসনসংখ্যা সীমিত জেনেও অধিক মুনাফার আশায় এভাবে ফরম বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ ছাড়া সরকারি নীতিমালায় লটারি পদ্ধতি নিয়ে নতুন নির্দেশনা থাকলেও শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের সুবিধামতো লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে বলে অভিযোগ উঠেছে। এতে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। অন্যদিকে, উচ্চ ভর্তি ফি ও বাণিজ্যিক মনোভাবের পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষার মান নিয়েও অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।
ভুক্তভোগী এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানের ভালো ভবিষ্যতের আশায় বাধ্য হয়েই এসব প্রতিষ্ঠানে আসি। কিন্তু এরা ১২০টি আসনের বিপরীতে ৪০০টি ফরম বিক্রি করে সাধারণ মানুষের পকেট কাটছে। আসন যেহেতু নির্দিষ্ট, তাহলে এত ফরম বিক্রি করে আমাদের হয়রানি করা হচ্ছে কেন? আর ভেতরে পড়াশোনার নামে শিশুদের ওপর যে মানসিক চাপ দেওয়া হয়, তা কোনো অংশেই টর্চার সেলের চেয়ে কম নয়।”
আরেক অভিভাবকের অভিযোগ, “সরকার লটারি প্রথা তুলে দিলেও এখানকার কিছু প্রতিষ্ঠান নিজেদের খেয়ালখুশিমতো লটারি করে শিক্ষার্থী ভর্তি করছে। ফরম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করলেও শিক্ষার মানোন্নয়নে তাদের কোনো মাথাব্যথা নেই। মেহেরপুরে শিক্ষার মান দিন দিন হতাশাজনক পর্যায়ে চলে যাচ্ছে।”
শহরের এক বাসিন্দা ও শিক্ষানুরাগী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান এখন আর সেবা দেওয়ার জায়গায় নেই, এগুলো পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় জিনিয়াস ল্যাবরেটরি স্কুলসহ শহরের কয়েকটি প্রতিষ্ঠান বেপরোয়া হয়ে উঠেছে। জেলা শিক্ষা অফিসের উচিত দ্রুত এসব প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য ও পাঠদান পদ্ধতি তদারকি করা।”
এদিকে অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা ও সংশ্লিষ্ট চিঠি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ওই নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান অনিয়ম করে থাকলে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রতিনিধিদল গঠন করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন সহকারী অধ্যক্ষ শামসুল আলম। তিনি বলেন, সরকারি নিয়মনীতি মেনেই প্রতিষ্ঠানের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের বিধান রাখা হয়েছে। ফলে ভর্তি পদ্ধতি নিয়ে অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষ, শ্রেণি ও প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য নীতিমালা যাচাই করা জরুরি।
ভর্তি ফরম বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সহনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবক ও সচেতন নাগরিকেরা।
সানা/আপ্র/২৬/১১/২০২৬