আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটবাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি দায়ের করেন। তবে আবেদনে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো স্বাস্থ্য কার্ডধারী এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন প্রচারমাধ্যম ও অনলাইন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া: রিটে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা তার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ধরনের বক্তব্য প্রচারকারী ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের আবেদনও রয়েছে রিটে।
আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই দিনে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে রিটকারীদের বক্তব্য, নির্বাহী আদেশের মাধ্যমে আরোপিত এই নিষেধাজ্ঞা সাময়িক। তাই সংসদে আইন পাস অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার পাশাপাশি এর সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা প্রয়োজন।
নভেম্বরের সহিংসতার যেসব অভিযোগ রিটে: রিট আবেদনে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালাচ্ছেন।
এ প্রসঙ্গে আবেদনে কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ এবং বর্ডার গার্ড বাংলাদেশের চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা। ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগও রয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা হয়েছে। সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে।
এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন রিটকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্তের তথ্য আবেদনে উল্লেখ করা হয়নি।
রিটে আরো বলা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, ‘তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী; দেশে ও বিদেশে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা বারবার এটি প্রমাণ করেছে।’
আবেদনে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে অডিও বার্তা, টেলিফোন এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন। এমনকি রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে দেশে এসে বৈঠক করছেন বলেও দাবি করা হয়েছে।
বিভিন্ন সময়ের মানবাধিকার লঙ্ঘন তদন্তে কমিটি গঠনের আবেদন: রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।
প্রস্তাবিত কমিটিকে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’ সংশ্লিষ্ট অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ এবং বিরোধীদের ওপর দায় চাপানোর অভিযোগ তদন্তের বিষয়ও আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়েও তদন্তের আবেদন জানানো হয়েছে।
প্রস্তাবিত তদন্ত কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশে-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস এবং সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
বিদেশি সরকার ও জাতিসংঘের কাছে পদক্ষেপ চাওয়ার আবেদন: রিটে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সম্পর্কে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ২১৯ ধারা অনুযায়ী আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।
এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ অন্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চেয়েছেন রিটকারীরা।
রিটে উত্থাপিত এসব দাবি ও অভিযোগের বিষয়ে এখনো হাইকোর্টের কোনো আদেশ বা সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। আদালতের পরবর্তী কার্যক্রমের ওপরই বিষয়গুলোর আইনি অগ্রগতি নির্ভর করছে।
সানা/আপ্র/২৬/১১/২০২৬