বার্ষিক সংস্কারকাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হচ্ছে। ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই ইউনিটটি টানা ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ইউনিটটি আবারো উৎপাদনে ফিরবে। তবে বিদ্যুৎকেন্দ্রটির অপর ইউনিটটি চালু থাকায় বাংলাদেশে আপাতত বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্নের আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানিয়েছে, বার্ষিক সংস্কারকাজের পরিকল্পনা আগেই নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হয়েছে। এ জন্য গত ২৬ অক্টোবর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে সময় নিয়েছে প্রতিষ্ঠানটি।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। এর মধ্যে একটি ইউনিট সংস্কারকাজের জন্য বন্ধ থাকলেও অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতার অর্ধেক সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময়ে আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। ফলে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকলেও আপাতত বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকট বা বিভ্রাটের আশঙ্কা নেই। তবে শীতের মধ্যেই বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
সানা/আপ্র/২৬/১১/২০২৬