গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের উদ্বেগ নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের উদ্বেগ নেই
ছবি

বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিজয় দিবসের নিরাপত্তা, আওয়ামী লীগের কার্যক্রম, পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার ও শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেছেন তিনি।
সচিবালয়ে বুধবার (২৫ নভেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। তবে এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা বাড়তি চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, “আসিব আসিব বলে কতদিন পার হবে? কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি দেশে ফিরতে চান। এ জন্য ভারতের দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে কেবল প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব।


এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বলেন, শেখ হাসিনাকে সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী হিসেবে দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়ায় দেশে আনা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশ আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর অবস্থান: সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও তাদের আর সেই স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।

জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।”

আওয়ামী লীগের পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

তিনি বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে আগের সব অপচেষ্টা ভণ্ডুল করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি মোতায়েন ও বিজয় দিবসের নিরাপত্তা: বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ।

তিনি জানান, বিজয় দিবস নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার মাধ্যমে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে? বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম আসার পর দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি একটি চলমান বিচারিক প্রক্রিয়া।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার প্রসঙ্গ: গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব কিংবা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে।

তিনি জানান, সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও কেউ কেউ এ ধরনের ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারেন। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছিল।

এরপরও যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তাঁদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক অসন্তোষ নিয়ে যা বললেন: ন্যূনতম মজুরি নির্ধারণের পরও পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যূনতম মজুরি নির্ধারণ ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি দাবি করেন, প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট। বর্তমানে শ্রমিক অধ্যুষিত এলাকায় গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে এসব ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সানা/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা
২৬ নভেম্বর ২০২৬

রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুতের বাজারমূল্য ৯ কোটি টাকা

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দুই দফায় জাতীয় গ্রিড...

২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট
২৬ নভেম্বর ২০২৬

২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

বার্ষিক সংস্কারকাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আ...

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটবাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ,...

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, নীতিমালা প্রকাশ
২৫ নভেম্বর ২০২৬

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নে, নীতিমালা প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে