তারেক মাহমুদ: আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ, খুন ও তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলেন, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকারপতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে যারা নির্যাতিত হয়েছেন, তাঁরাই তাঁকে দেশে ফেরার পথে ধরে নিয়ে ফাঁসি কার্যকর করবেন।
জামায়াতের এই নেতা আরো বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড ক্ষমতাসীনদের সৃষ্টি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ক্ষমতাসীনদের একটি অংশ অর্থ ও সম্পদ ব্যয় করে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে অনেকে কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন।
বর্তমান রাষ্ট্রপতির রাজনৈতিক অতীত তুলে ধরে রেজাউল করিম বলেন, রাষ্ট্রপতি একসময় বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তাঁর নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ধানের শীষে ভোট দিলে মামলা তুলে নেওয়া এবং শান্তিতে থাকার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে, না আগুন নিয়ে আসছে?’ তাঁর অভিযোগ, এই আগুন শুধু মানুষের ঘরবাড়ি পোড়াচ্ছে না, বরং গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল ও মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।
সানা/আপ্র/২৫/১১/২০২৬